সিঙ্গাপুরে দর্শকদের প্রতিবাদের কারণে লা মিজারেবল গীতিনাট্যের মঞ্চায়ন থেকে সমকামীদের চুম্বনের দৃশ্য বাদ দিয়েছে কর্তৃপক্ষ।
এটি জেনারেল রেটিং ভঙ্গ করায় প্রযোজকরা এটি সরিয়ে নিয়েছে বলে জানিয়েছে দেশটির মিডিয়া ডেভেলপমেন্ট কর্তৃপক্ষ। তবে এই শো-র আয়োজকরা বলেছেন, দৃশ্যটি কৌতুকপ্রদ করে তুলতে ব্যবহার করা হয়েছিল। এমডিএ কর্তৃপক্ষ বলে, সমলিঙ্গের চুম্বনের দৃশ্যটি এমডিএ-র কাছে দেয়ার সময়ে উল্লেখ করা হয়নি। সেজন্য এটিকে জেনারেল রেটিং দেয়া হয়েছিল। ছাড়পত্রের শর্ত ভঙ্গ করায় এমডিএ এখন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।
গত ৩ জুন থেকে চুম্বনের দৃশ্য বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজক মিডিয়াকর্ট ভিজপ্রো মোসেস লাই। এদিকে গত ৩ জুন সিঙ্গাপুরে সমকামীদের একটি র্যালিতে জেপি মরগ্যান, গুগল ও বারক্লেস স্পন্সর করেছিল বলে বিতর্কের সৃষ্টি হয়েছিল। সিঙ্গাপুরে সমকামীদের অধিকার বিতর্কিত ইস্যু এবং প্রাপ্তবয়স্ক পুরুষদের মধ্যে যৌন সম্পর্ক স্থাপন ফৌজদারি অপরাধ। সিঙ্গাপুরের খ্রিস্টান সম্প্রদায় সমকামীদের অধিকারের বিরোধিতা করে এসেছে, তাদের মতে এটি পারিবারিক ঐতিহ্যের বিরোধী। বিবিসি।