সৌদি আরবে প্রকাশ্যে ধূমপান করলে ২০০ রিয়াল জরিমানা

সৌদি আরবে প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধ করে এক বছর আগে এ বিষয়ে রাজকীয় ডিক্রি জারি হয়েছিল। গত ৬ই জুন থেকে এই নির্দেশ কার্যকর করা হয়েছে বলে জানিয়েছে আল আরাবিয়া। 
 
এছাড়া তামাক জাতীয় পণ্যের গায়ে ধূমপান শরীরের জন্য ক্ষতিকর এমন লেবেল লাগানো থাকতেই হবে। সিগারেটের আদলে তৈরি কোন খেলনা বা চকলেট বিক্রি করা যাবে না। এসব নিয়মের লঙ্ঘন হলেই ২০ হাজার রিয়াল পর্যন্ত জরিমানা করা হবে। প্রতিবার একজন ধূমপায়ীকে জরিমানা করা হবে ২০০ রিয়াল। এক্ষেত্রে অভিযুক্ত ধূমপায়ী আপিল করার সুযোগ পাবেন। জরিমানা থেকে অর্জিত অর্থ ব্যয় করা হবে সচেতনতা সৃষ্টিতে।
 
এই সিদ্ধান্ত কার্যকরের ফলে সিগারেট বিক্রির ওপরও বেশ কিছু বিধিনিষেধ জারি করা হয়েছে। রাজকীয় ডিক্রি অনুসারে ১৮ বছরের কম বয়সী কারো কাছে সিগারেট বিক্রি করলে জেল-জরিমানা হতে পারে। নতুন এ আইনে আটটি প্রকাশ্য স্থানে ধূমপান নিষিদ্ধ করা হয়েছে। এর মধ্যে রয়েছে ধর্মীয় স্থানের আশপাশ, শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্য কেন্দ্র, খেলাধুলা হয় এমন স্থান, সাংস্কৃতিক প্রতিষ্ঠান, সামাজিক ও দাতব্য প্রতিষ্ঠান। 
 
কর্মক্ষেত্র, বেসরকারি কর্মপ্রতিষ্ঠান, সরকারি অফিস, কারখানা, ব্যাংক ও সব জন পরিবহনেও ধূমপান নিষিদ্ধ করা হয়েছে। যেসব কারখানায় খাদ্য, পানীয় তৈরি হয় ও প্রক্রিয়াজাত করা হয় সেখানেও ধূমপান করা যাবে না। এর আওতায় আরও রয়েছে ওয়্যারহাউজ, এলিভেটর, বিশ্রামকক্ষ। আল আরাবিয়া।