২ বছর পর ডুবে যাওয়া ফেরি তুলছে দ. কোরিয়া

দক্ষিণ কোরিয়ায় দুই বছরেরও বেশি সময় আগে সাগরে তলিয়ে যাওয়া ফেরি উত্তোলনের কাজ শুরু হয়েছে। মর্মান্তিক এ দুর্ঘটনায় পুরো দেশ শোকাহত ও ক্ষুব্ধ ছিল।
 
২০১৪ সালের এপ্রিলে জিন্দো দ্বীপের দক্ষিণ-পশ্চিম উপকূলে সাউল নামের ফেরিটি ডুবে ৩০৪ জন প্রাণ হারায়। নিহতদের বেশির ভাগই ছিল শিক্ষার্থী। ডুবার সময় ফেরিটিতে ৪৭৬ জন আরোহী ছিল।
 
এ দুর্ঘটনায় প্রাণ হারানো কিছু লোকের পরিবার ফেরিটি উপরে টেনে তোলার দাবি জানিয়ে আসছিল। পরিজনদের আশা ফেরিটি তোলা হলে এখনো নিখোঁজ থাকা নয়জনের লাশের সন্ধান পাওয়া যেতে পারে।
 
সিউল সরকার গত বছর ৬ হাজার ৮২৫ টন ধারণ ক্ষমতা সম্পন্ন ফেরিটি উত্তোলনের ঘোষণা দেয় এবং চীনা কনসোর্টিয়ামের নেতৃত্বাধীন রাষ্ট্র পরিচালিত সাংহাই স্যালভেজ কোম্পানিকে এ কাজের জন্য নির্বাচিত করে। ফেরিটি তুলতে ৭৩ মিলিয়ন মার্কিন ডলার খরচ হবে। সূত্র: এএফপি