যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার অরল্যান্ডো শহরে সমকামীদের একটি নাইটক্লাবে হামলাকারী যে মসজিদে নামাজ পড়তো সে মসজিদের ইমাম রবিবার বলেছেন, তাকে দেখে কখনোই মনে হয়নি সে এ ধরনের সহিংস হামলা চালাতে পারে।
তিনি বলেন, ওমর মতিন (২৯) সপ্তাহে তিন অথবা চারদিন এশার নামাজ আদায় করতো। সে তার ৪-৫ বছর বয়সী ছেলেকেও মসজিদে নিয়ে আসতো। তারা দুজনেই নামাজ পড়তো।
শফিক রহমান ২০০৩ সাল থেকে ইমামতির দায়িত্ব পালন করে আসছেন। সেই সময় থেকেই তিনি মতিনকে চিনতেন।
শফিক বলেন, মতিন সামাজিক ছিল না। নামাজ শেষ হলেই সে মসজিদ থেকে চলে যেতো। মতিন কথা বলতো না। তবে দেখা হলে হাসিমুখে করমর্দন করতো।
ইমাম আরো বলেন, এটা ‘অবিশ্বাস্য’ যে ভারী অস্ত্রে সজ্জিত মতিন অরল্যান্ডোর সমকামীদের ক্লাবে ৫০ জনকে হত্যা ও ৫৩ জনকে আহত করেছে।
বন্দুক হামলা চালিয়ে যুক্তরাষ্ট্রে এর আগে কখনোই এত বেশি মানুষ হত্যার ঘটনা ঘটেনি।
কর্তৃপক্ষ জানিয়েছে, এই হামলা চালানোর আগে মতিন ৯১১ এ কল করে জিহাদি গোষ্ঠী ইসলামিক স্টেট এর প্রতি আনুগত্য প্রকাশ করেন। সূত্র: এএফপি