ইন্দোনেশীয় নৌবাহিনীর গুলিতে চীনা জেলে আহত

দক্ষিণ চীন সাগরের বিতর্কিত জলসীমায় একটি চীনা মাছ ধরার নৌকা লক্ষ্য করে ইন্দোনেশীয় নৌবাহিনী গুলিবর্ষণ করেছে বলে অভিযোগ তুলেছে চীন। রবিবার চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, গুলিতে এক জেলে আহত হয়েছেন এবং কয়েকজন জেলেকে আটক করা হয়েছে।
 
শুক্রবার ইন্দোনেশিয়ার বোর্নিও উপকূলে দক্ষিণ চীন সাগরের নাতুনা দ্বীপপুঞ্জের কাছে এ ঘটনা ঘটেছে। চীনা বার্তা সংস্থা সিনহুয়ায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিটি প্রকাশ করা হয়। এতে মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিং বলেছেন, “এ ধরনের অতিরিক্ত শক্তি ব্যবহারের নিন্দা জানিয়ে চীন এর তীব্র প্রতিবাদ জানাচ্ছে।”
 
এর আগে ইন্দোনেশীয় নৌবাহিনী জানিয়েছিল, তারা চীনা পতাকা বহনকারী বেশ কিছু নৌকার দিকে গুলিবর্ষণ করেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে দাবি করেছিল। ইন্দোনেশীয় কর্তৃপক্ষ চীনা ওই জেলেদের আটক করে রেখেছে কীনা তা নিশ্চিত হওয়া যায়নি। দক্ষিণ চীন সাগরের অধিকাংশ অংশের মালিকানা দাবি করে আসছে চীন। এই সাগরে কয়েকটি কৃত্রিম দ্বীপ তৈরি করে সেগুলোতে অবকাঠামোও তৈরি করেছে দেশটি।
 
এই সাগরের জলসীমা নিয়ে পরস্পর বিরোধী দাবির কারণে চীনের সঙ্গে প্রতিবেশী দেশগুলোর প্রায়ই উত্তেজনা তৈরি হচ্ছে। তবে জলসীমার এই বিরোধে ইন্দোনেশিয়া জড়িত নেই। নাতুনা দ্বীপ ও এর আশপাশের জলসীমা ইন্দোনেশিয়ার, চীন এটি মেনে নিয়েছে। কিন্তু অবৈধভাবে মাছধরা নিয়ে এর আগেও দেশ দুটির মধ্যে ঠোকাঠুকি হয়েছিল।
 
চলতি বছরে এ ধরনের তৃতীয় ঘটনা এটি। এলাকাটিকে ‘চীনের ঐতিহ্যবাহী মাছ ধরার ক্ষেত্র’ বলে বিবেচনা করে চীন। মার্চে নাতুনা দ্বীপের কাছে সাগরে ইন্দোনেশিয়ার একটি টহল জাহাজ একটি চীনা মাছ ধরার নৌকাকে আটক করার চেষ্টা করলে চীনের উপকূলরক্ষীরা বাধা দেয়া। তখন এর প্রতিবাদ জানিয়েছিল ইন্দোনেশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবিসি।