সহসাই জানা যাচ্ছে না মিসরের বিমান বিধ্বস্ত হওয়ার কারণ

বিধ্বস্ত ইজিপ্টএয়ারের বিমানটির ককপিট ভয়েস রেকর্ডারের (সিভিআর) পর ফ্লাইট ডাটা রেকর্ডার (এফডিআর) উদ্ধার করা গেলেও দুটো রেকর্ডারই চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে সহসাই জানা যাচ্ছে না বিমান বিধ্বস্তের কারণ। ব্ল্যাকবক্সের গুরুত্বপূর্ণ এ অংশগুলো মেরামত করতে অনেক সময় এবং চেষ্টার প্রয়োজন হবে বলে রবিবার জানিয়েছেন ঘটনা তদন্তকারী কমিটির কর্মকর্তারা।
 
ব্ল্যাকবক্সের গুরুত্বপূর্ণ অংশগুলো মেরামত না করা পর্যন্ত এগুলোর ডাটা বিশ্লেষণের সুযোগ নেই বলে জানিয়েছেন তারা। রেকর্ডার দুইটি মিসরেই ঠিক করা হবে নাকি বিদেশে পাঠানো হবে সে সিদ্ধান্ত নেওয়ার আগে এর মেমোরি ইউনিটগুলো পরীক্ষা করে দেখছে কমিটি। গত ১৯ মে এয়ারবাস এ৩২০ ফ্রান্সের প্যারিস থেকে কায়রো যাওয়ার সময় ৬৬ জন আরোহী নিয়ে নিখোঁজ হয়ে যায়। ভূমধ্যসাগরে বিমানটির ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া যায়। এরপর বিমানের সন্ধানে ভূমধ্যসাগরে তল্লাশি শুরুর পর প্রথমে পাওয়া যায় বিমানের ভয়েস রেকর্ডার। এর একদিন পর গত শুক্রবার ডাটা রেকর্ডারটিও পাওয়ার খবর জানানো হয়। উভয় রেকর্ডারই ‘ব্ল্যাকবক্স’ নামে পরিচিত।
 
বিমানটির কি হয়েছিল তা জানতে এই ব্ল্যাকবক্সের তথ্য খুবই গুরুত্বপূর্ণ। তথ্যগুলো বিশ্লেষণ করা গেলে অনেক রহস্যেরই সুরাহা হওয়ার আশা আছে। সূত্র: রয়টার্স