'ইসলামি সেনা' হবার দাবি করেছিলেন ওমর মতিন

 
ফ্লোরিডার সমকামীদের নৈশক্লাবে হামলাকারী নিহত ওমর মতিন নিজেকে 'ইসলামি সেনা' বলে দাবি করেছিলেন বলে জানা গেছে। সোমবার এফবিআই প্রকাশিত পুলিশের সঙ্গে মতিনের কথোপকথনের রেকর্ডের লিখিত ভাষ্য থেকে এ কথা জানা গেছে।
 
গুলি করে হত্যার আগে অর‌ল্যান্ডোর ওই নৈশক্লাবে মতিনকে তিন ঘণ্টা অবরুদ্ধ করে রেখেছিল পুলিশ। ওই সময়ই পুলিশকে ফোন করে বিভিন্ন কথা বলেন মতিন। এক পর্যায়ে জিম্মিদেরকে বিস্ফোরক ভেস্টের সঙ্গে বেঁধে রাখার হুমকিও দিয়েছিলেন তিনি। আমেরিকাকে, সিরিয়া ও ইরাকে বোমাবর্ষণ বন্ধ করার কথা বলতে পুলিশের মধ্যস্থতাকারীদের বলেছিলেন তিনি। আর ওই কারণেই সমকামী নৈশক্লাবে তিনি 'হত্যাযজ্ঞ চালাচ্ছেন' বলে দাবি করেছিলেন।
 
এই কথাবার্তা থেকে মতিনের হামলার উদ্দেশ্য সম্পর্কে কিছুটা পরিষ্কার ধারণা পাওয়া যাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। ওই হামলায় ৪৯ জন নিহত ও ৫৩ জন আহত হয়েছেন। এটি যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী নির্বিচার গুলিবর্ষণের ঘটনা।
 
জরুরি বিভাগের অপারেটরের কাছে করা চারটি কলের প্রথমটিতে মতিন বলেন, 'ইসলামিক স্টেটের (আইএস) পক্ষ থেকে আমি আবু বকর আল বাগদাদির প্রতি আনুগত্য ঘোষণা করছি, আল্লাহ তাকে রক্ষা করুন।' ক্লাবটি থেকে জিম্মিদের উদ্ধারে পুলিশের তৎপরতার মধ্যেই মতিন পুলিশকে ফোন করে গাড়িবোমা হামলা চালানোর এবং জিম্মিদের বিস্ফোরক বেল্টের সঙ্গে বেঁধে রাখার হুমকি দেন। কিন্তু ঘটনাস্থলে কোনো বিস্ফোরক ভেস্ট বা মতিনের গাড়িতে কোনো বোমা পাওয়া যায়নি বলে জানিয়েছে এফবিআই। একটি কলে তিনি বলেন, 'তোমরা যদি বোকার মতো কিছু করার চেষ্টা করো তাহলে তোমরা এটি পাবে আর আমি ওটিতে বিস্ফোরণ ঘটাবো।'
 
এক সংবাদ সম্মেলনে এফবিআই এর অ্যাসিস্টান্ট স্পেশাল এজেন্ট ইন চার্জ রন হার্পার বলেন, 'অত্যন্ত ঠাণ্ডা ও শান্তভাবে খুনি এসব কথা বলেছিলেন।' মতিনের এসব হুমকি-ধামকির কারণেই পালস নৈশক্লাবে চূড়ান্ত অভিযান চালাতে পুলিশ সময় নিয়েছে বলে জানিয়েছে এফবিআই। তিন ঘণ্টা অচলাবস্থা চলতে দেওয়ার কারণে বিভিন্ন মহল থেকে পুলিশের সমালোচনা করা হয়েছে। বিডি নিউজ।