ইরাকের ফাল্লুজায় তীব্র মানবিক বিপর্যয়

ইরাকের ফাল্লুজা শহরে বেসামরিক লোকের দেশত্যাগের ঘটনায় সেখানে তীব্র মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। সাহায্যকর্মীরা এমনটাই জানাচ্ছেন। জাতিসংঘ বলেছে, চার সপ্তাহ ধরে সেখানে তথাকথিত ইসলামিক স্টেট জঙ্গিদের বিরুদ্ধে সরকারের অভিযানের কারণে আশি হাজারের মত মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে।
 

জঙ্গিদের বিরুদ্ধে সরকারি বাহিনীর অভিযানের কারণে আতঙ্কে লোকজন ক্যাম্পগুলোতে আশ্রয় নিচ্ছে। কিন্তু সেখানে দেখা দিয়েছে চরম খাদ্য, পানি ও ওষুধের সংকট। সাহায্যকর্মীরা জানান, যে পরিমাণে ত্রাণ আসছে তা প্রয়োজনের তুলনায় খুবই নগণ্য। নরওয়ের রিফিউজি কাউন্সিলের কর্মকর্তা নাসর মুফলাহি বলেন, ফাল্লুজায় মানুষের উপচেপড়া ভীড়ের কারণে তাদের চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছে সাহায্যকর্মীরা। এখানকার বেশিরভাগ এলাকায় সরকারি বাহিনী সাফল্য পেলেও জঙ্গি অনেক স্থানে সক্রিয় আছে। তিনি জানান, রাস্তার ধারে ছড়িয়ে থাকা অবিস্ফোরিত শেল দেখে বুঝা যায়, যারা ঘরবাড়ি ছেড়ে গেছেন তাদের জন্য ফেরাটা কত কঠিন। এখানে চারদিকেই শুধু গোলাগুলি শব্দ। ঘরবাড়ি ছেড়ে বহু মানুষ রাস্তায় রাত কাটাচ্ছেন। এছাড়া তাপমাত্রা আরো বেড়ে যাওয়ায় অনেককে দিনের বেলায় খোলা আকাশের নিচে থাকতে হচ্ছে। ত্রাণ যা যাচ্ছে তা প্রয়োজনের তুলনায় খুবই নগণ্য। নতুন চালু হওয়া একটি আশ্রয় ক্যাম্প আম রিয়াত আল ফাল্লুজায় আঠারোশো নারীর জন্য কেবল একটি টয়লেটের ব্যবস্থা আছে। এই সংঘাতে বাস্তুচ্যুত ৩৪ লাখ লোকের চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছে দেশটির সরকার।