করাচিতে কাওয়ালি শিল্পী সাবরিকে গুলি করে হত্যা

পাকিস্তানের অন্যতম জনপ্রিয় কাওয়ালি শিল্পী আমজাদ সাবরিকে হত্যা করা হয়েছে। করাচিতে দুইজন বন্দুকধারীর গুলিতে তিনি নিহত হন।
 
বুধবার বিকালে পাকিস্তানের বৃহত্তম শহর করাচির লিয়াকতাবাদ এলাকায় গাড়িতে থাকা অবস্থায় সাবরিকে লক্ষ্য করে গুলি করে দুর্বৃত্তরা। হাসপাতালে নেয়ার সময় মৃত্যু হয় তার। ঘটনার সময় প্রচুর লোক সমাগম ছিল এলাকাটিতে।
 
কাওয়ালি নামে পরিচিত ভক্তিমূলক সুফি গানের ভক্তদের কাছে অত্যন্ত জনপ্রিয় ছিলেন সাবরি। শুধু পাকিস্তানই নয় উপমহাদেশের অন্যান্য দেশেও তার জনপ্রিয়তা ছিল।
 
পাকিস্তানে বহু মানুষ সুফিবাদী ইসলাম চর্চা করেন। দেশটিতে সুফিদের সঙ্গে অন্যান্য সম্প্রদায়ের শান্তিপূর্ণ সহাবস্থান থাকলেও সম্প্রতি কট্টর ইসলামপন্থীদের হামলার শিকার হয়েছেন সুফি মতবাদে বিশ্বাসীরা।
 
সাবরির বাবা গুলাম ফরিদ সাবরিও জনপ্রিয় কাওয়ালি শিল্পী ছিলেন। তিনি '৭০ এর দশকে সাবরি ব্রাদারস কাওয়ালি ব্যান্ড প্রতিষ্ঠাতা করেছিলেন। সূত্র: বিবিসি