ভারতে গঙ্গা নদীতে সেলফি তোলার সময় নদীতে ডুবে ৭ তরুণের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সেলফি তোলার সময় তরুণরা ভারসাম্য হারিয়ে নদীতে পড়ে যায়।
বৃহস্পতিবার পুলিশ একথা জানিয়েছে। কানপুরে এই দুর্ঘটনা ঘটে। কানপুর উত্তর প্রদেশের রাজধানী লক্ষ্ণৌ নগরী থেকে প্রায় ৮৯ কিলোমিটার পশ্চিমে অবস্থিত। এক পুলিশ কর্মকর্তা বলেন, গতকাল গঙ্গা নদীতে সাত তরুণ গোসল করতে যায়। এ সময় তাদের একজন সেলফি তুলতে গিয়ে ভারসাম্য হারিয়ে প্রবল স্রোতে ভেসে যায়। তিনি আরো বলেন, তার ছয় বন্ধু একে অপরকে বাঁচাতে গিয়ে স্রোতের তোড়ে ভেসে যায়।
পুলিশ নদী থেকে মৃতদেহগুলো উদ্ধার করেছে। ছবি তুলতে গিয়ে কয়েকজনের মৃত্যুর খবর প্রকাশিত হওয়ার পর চলতি বছরের গোঁড়ার দিকে কর্তৃপক্ষ ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ের চারপাশে ১৬টি ‘নো সেলফি’ জোন ঘোষণা করেছে।
মুম্বাই পুলিশ বান্দ্রা ব্যানস্ট্যান্ড, মেরিন ড্রাইভ ও জুহু চৌপাত্তির মতো জনপ্রিয় সমুদ্রমুখী স্থানগুলোতে মোবাইল ফোন দিয়ে সেলফি তোলা বিপজ্জনক ঘোষণা করেছে। বর্তমানে সেলফি বিশ্বব্যাপী একটি নতুন সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে। সিনহুয়া।