ইইউ’র ভবিষ্যত নিয়ে আলোচনায় বসছেন ইউরোপীয় নেতারা

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে বেরিয়ে যাওয়ার পক্ষে যুক্তরাজ্যের বেশিরভাগ মানুষের ভোট প্রদান ও ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের পদত্যাগের ঘোষণা দেয়ার পর সংস্থার ভবিষ্যত নিয়ে শনিবার বৈঠকে বসছে ইইউ’র প্রতিষ্ঠাতা দেশগুলো।
 
গণভোটের ফলাফলের পর জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল ও ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ ইইউ’র সংস্কারের আহ্বান জানিয়েছেন।
 
ইউরোপীয় নেতারা পালাবদল যতটা সম্ভব কষ্টহীন করা যায় তা নিশ্চিত করা নিয়ে উদ্বিগ্ন। এ কারণে ইইউ’র ছয়টি প্রতিষ্ঠাতা সদস্য দেশের পররাষ্ট্র মন্ত্রীরা শনিবার বার্লিনে জড়ো হচ্ছেন। তারা আগামী সপ্তাহে দফায় দফায় বৈঠক করবেন।
 
জার্মানির পররাষ্ট্র মন্ত্রী ফ্রাংক ওয়াল্টার স্টেইনমেয়ার ইইউ’র প্রতিষ্ঠাতা দেশগুলোর পররাষ্ট্র মন্ত্রীদের সঙ্গে আলোচনার জন্য বৈঠকের আয়োজন করছেন।
 
জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, জার্মানির পররাষ্ট্র মন্ত্রী ফ্রাংক ওয়াল্টার স্টেইনমেয়ার, ফ্রান্সের জ্যাঁ-মার্ক আরাউল্ত, নেদারল্যান্ডের বার্ট কোয়েনডার্স, ইতালির পাওলো জেনতিলোনি, বেলজিয়ামের দিদিয়ের রেইনডার্স ও লুক্সেমবার্গের জ্যাঁ অ্যাসেলবর্ন ‘ইউরোপে চলমান রাজনৈতিক বিষয়’ নিয়ে বার্লিনে বৈঠক করবেন।
 
ব্রিটেনের সিদ্ধান্তে দুঃখ প্রকাশ করে স্টেইনমেয়ার বলেন, এটা ইউরোপ ও যুক্তরাজ্যের জন্য একটা দুঃখের দিন।
 
আরাউল্ত বলেন, ইইউকে আরো কার্যকর করতে প্যারিস ও বার্লিন তাদের অংশীদারদের সামনে বাস্তবসম্মত সমাধান তুলে ধরবে।
 
ব্রিটেনের গণভোটের ফলাফল ইউরোপের জন্য একটি আঘাত উল্লেখ করে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল বলেন, তিনি একটি সংস্কার পরিকল্পনার জন্য আগামী সোমবার বার্লিনে ইইউ প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্কসহ ফ্রান্স ও ইতালির নেতাদের নিয়ে আলোচনায় বসবেন।