আফগানিস্তানে নতুন করে মার্কিন বিমান হামলা

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার ঘোষণার পর তালেবানের বিরুদ্ধে বিমান হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র। চলতি মাসের প্রথম দিকে আফগানিস্তানে জঙ্গিবিরোধী অভিযান বিস্তৃত করার ঘোষণা দিয়েছিলেন ওবামা।
 
মার্কিন কর্মকর্তারা শুক্রবার বলেন, গত সপ্তাহে হামলা শুরু হয় এবং এগুলো ছিল দেশটির দক্ষিণাঞ্চলে তালেবান লক্ষ্যবস্তুর বিরুদ্ধে। তবে ‘প্রায়োগিক নিরাপত্তার’ কথা উল্লেখ করে পেন্টাগনের প্রেস সচিব পিটার কুক বিস্তারিত কোনো তথ্য দিতে অস্বীকৃতি জানান।  একজন জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা বলেন, সেখানে ‘কিছু সংখ্যক’ বিমান হামলা হয়েছে কিন্তু যুক্তরাষ্ট্র বেশি তথ্য দিতে চায় না। কারণ ওই এলাকাটিতে আরো হামলা চালানো হতে পারে।
 
গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ওবামা আফগানিস্তানে বিমান হামলা বৃদ্ধির অনুমতি দিয়েছিলেন। এটা তাত্পর্যপূর্ণ, কারণ, যুক্তরাষ্ট্র সত্যিকার অর্থে আফগানিস্তানে আর যুদ্ধের মধ্যে নেই। শুধুমাত্র আফগান সামরিক বাহিনীকে প্রশিক্ষণ ও সহযোগিতা করতে সেখানে নয় হাজার আটশ’ মার্কিন সেনা রয়েছে। কিন্তু কোন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র আফগানিস্তানে এই বিমান হামলা চালালো, পেন্টাগন তা ব্যাখ্যা করেনি। সূত্র: আল জাজিরা