মধ্যপ্রাচ্যে জর্ডান এবং ইসরাইলের সীমান্তে অবস্থিত ডেড সি সম্পর্কিত একটি চমকপ্রদ তথ্য হলো এর পানি এতটাই ঘন যে তাতে নাকি রীতিমত বসে থাকা যায়। কিন্তু সেই মৃত সাগর দিন দিন সঙ্কুচিত হয়ে আসছে এবং সত্যি সত্যিই মারা যাচ্ছে ডেড সি।
তিন দশক আগে যখন ইসরাইলের এনগেডি রিসোর্টটি তৈরি হয়েছিল তখন ডেড সির পানি ছিল তার দেয়ালের গা ঘেঁষে। কিন্তু এখন এই সমুদ্র এত দ্রুত সঙ্কুচিত হয়ে আসছে যে তার পানি দেখতে হলে পর্যটকদের জন্য তৈরি এক ট্রেনে পাড়ি দিতে হয় প্রায় ২ কিলোমিটার। তবে ডেড সি-র প্রাচীন সব গুণাবলী অবশ্য এখনো অটুট রয়েছে।
এখনো ঘন লবণাক্ত পানিতে নেমে তাতে ভেসে থাকা সম্ভব। ডেড সি-র পানিতে এভাবে ভেসে থাকার আগ্রহেই সেখানে যান অনেক পর্যটক।
বেশ কয়েক বছর হলো ডেড সির আশেপাশের চেহারা খুব দ্রুত পরিবর্তন হচ্ছে। জানা গেছে, গতবছরও এখানে পর্যটকদের জন্য থাকার জায়গা, দোকানপাট সহ আরো অনেক ধরনের সুযোগ সুবিধা ছিল। কিন্তু এখন তার কিছুই আর বলতে গেলে নেই। কারণ পুরো এলাকা জুড়ে তৈরি হচ্ছে সিংকহোল।
প্রাকৃতিক ভাবে তৈরি হওয়া মাটির গর্তে দেবে যাচ্ছে পুরো ভবনও। সিংকহোলের বিষয়ে একজন বিশেষজ্ঞ অধ্যাপক গিডিবেয়ার বলেন, এটি খুবই নাটকীয় ঘটনা এবং দুশ্চিন্তারও বিষয়। বিশেষ করে যারা এই সৈকতের ওপর নির্ভর করে জীবনধারণ করত তাদের জন্য।
তিনি বলেন, গত কয়েক বছরে পুরো এলাকায় কয়েক হাজার চোরাবালির মত সিংকহোলে দেবে গেছে প্রচুর স্থাপনা। অতীতে ভূতত্ত্ববিদরা প্রাচীন চিহ্ন দেখে বোঝার চেষ্টা করতো যে এসব সিংকহোল কিভাবে তৈরি হয়। এখানে আমরা চোখের সামনে দেখছি যে সিংকহোল কিভাবে তৈরি হয়। একজন ভূতত্ত্ববিদ হিসেবে এটি দেখতে পারা এবং এ নিয়ে গবেষণা করতে পারাটা অনেক বড় একটা ব্যাপার।
IMG0
ডেড সি-র সংকুচিত হওয়ার কারণটা হলো জর্ডানের যে নদী থেকে এখানে পানি আসে, সেই নদীর পানি সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। যদিও এই সমস্যা সমাধানের একটি পরিকল্পনা আছে। লোহিত সাগর থেকে মরুভূমির ওপর দিয়ে একটি পাইপলাইন তৈরি করা। প্রকল্পটি হবে অনেক ব্যয়বহুল।
পরিবেশবাদী গোষ্ঠী ইকোপিসের সালাম আব্দুর রহমান বলছেন, এই অর্থ ব্যয় করাটা যুক্তিসঙ্গত। ডেড সি সুন্দর কি না সেটি আমাদের কাছে গুরুত্বপূর্ণ নয়। আমরা মনে করি ডেড সি হচ্ছে জীবনধারণের অবস্থার একটি নির্দেশক। এই অঞ্চলে পানিসম্পদ ব্যবস্থাপনা যে রোগাক্রান্ত হয়ে পড়েছে, ডেড সি তারই নিদর্শন। যে কারণে ডেড সি রক্ষা করতে পারলে একটি ইঙ্গিত পাওয়া যাবে যে আমরা আমাদের পরিবেশের রোগ সারিয়ে তাকে সুস্থ করে তুলছি। বিবিসি।