পাপুয়া নিউ গিনির বিশ্ববিদ্যালয়ে ব্যাপক সহিংসতা, শিক্ষার্থী নিহত

পাপুয়া নিউ গিনির একটি বিশ্ববিদ্যালয়ে ব্যাপক সহিংসতায় এক শিক্ষার্থী নিহত হয়েছে। ঘটনার এক পর্যায়ে বিশ্ববিদ্যালয়টির বিভিন্ন ভবনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সরকারবিরোধী আন্দোলন থেকে সহিংসতার সূত্রপাত হয় সেখানে।
 
রাজধানীতে শিক্ষার্থীদের ওপর পুলিশ গুলি চালানোর প্রায় দুই সপ্তাহ পর এ ঘটনা ঘটলো। শিক্ষার্থীরা প্রধানমন্ত্রী পিটার ও’নিলের বিরুদ্ধে বিক্ষোভ চালিয়ে যাচ্ছে। তার বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ তদন্ত করা হচ্ছে।
 
দেশের দ্বিতীয় বৃহত্তম নগরী লায়ির বিশ্ববিদ্যালয় চত্বরে ওই শিক্ষার্থী নিহত হয়। বিক্ষোভের অংশ হিসেবে ক্লাস বর্জনের ডাক দেয়াকে কেন্দ্র করে ছড়িয়ে পড়া সংঘর্ষে ওই শিক্ষার্থী নিহত হয় বলে জানা গেছে। আন্দোলনকারীদের অভিযোগ, এটি একটি প্রতিশোধমূলক হত্যাকাণ্ড।
 
পাপুয়া নিউ গিনি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আলবার্ট শর্ম বলেন, ‘আমাদের ধারণা একই গ্রুপ শিক্ষার্থীকে হত্যা করেছে এবং বিভিন্ন ভবনে আগুন ধরিয়ে দিয়েছে।’
 
তিনি জানান, শনিবার রাতে হামলার সময় লাঠি ও ইট-পাটকেল ব্যবহার করা হয়। তারা ঝটিকা আক্রমণ চালানোয় নিরাপত্তা বাহিনীর সদস্যদের পক্ষে তাদের অনুসরণ বা তাদের গ্রেফতার করা কঠিন হয়ে পড়ে।
 
উল্লেখ্য, ও’নিলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠায় শিক্ষার্থীরা তার পদত্যাগের দাবি জানায়। তবে ও’নিল তার বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রত্যাখ্যান করেন। -এএফপি