বিধ্বস্ত ইজিপ্ট এয়ারের বিমানটির উদ্ধার হওয়া তথ্য রেকর্ডার সফলতার সঙ্গে মেরামত করা হয়েছে বলে জানিয়েছে মিশরের তদন্তকারী কর্মকর্তারা। কয়েক ঘণ্টার মধ্যে এয়ারবাস এ৩২০ এর ককপিটে থাকা ভয়েস রেকর্ডারটি পাওয়া যাবে বলেও জানায় তারা। এই রেকর্ডিং শুনে বিমানটি বিধ্বস্ত হওয়ার কারণ অনুসন্ধান করা হবে।
এ বছর ১৯ মে ইজিপ্ট এয়ারের ফ্লাইট এমএস৮০৪ হঠাৎ করেই রাডার থেকে হারিয়ে যায়। পরবর্তীতে ভূমধ্যসাগরে বিমানটি বিধ্বস্ত হবার প্রমাণ পাওয়া যায় এবং বিমানটির অংশ বিশেষ সেখান থেকে উদ্ধার করা হয়। কিন্তু প্যারিস থেকে কায়রোগামী বিমানটির ৬৬ জন যাত্রী ও ক্রু সদস্য মারা যায় এ ঘটনায়।
মিশরের ইনভেস্টিগেশন কমিশন জানায়, ফ্রান্সের অ্যাকসিডেন্ট ইনভেস্টিগেশন এজেন্সির ল্যাবরেটরিতে (রেকর্ডারটি) সফলভাবে মেরামত করা হয়েছে।
বিমানে থাকা কণ্ঠ ও তথ্য রেকর্ডারকে ব্ল্যাক বক্স বলা হয়। যা কায়রো থেকে প্যারিসে আনা হয় সোমবার। তথ্য বিশ্লেষণের জন্য তা পুনরায় কায়রোতে প্রেরণ করা হবে।
এদিকে এই বিমান ধ্বংস বিষয়টি একটি হত্যা হিসেবে অনুসন্ধান করে দেখতে চায় ফ্রান্স। তবে এসোসিয়েট প্রেসকে তারা জানিয়েছে, যেহেতু কারো হামলার কোন প্রমাণ আমরা পাচ্ছি না, তাই প্রথমে দুর্ঘটনা হিসেবেই তদন্ত শুরু করছি আমরা। বিবিসি।