ব্রেক্সিটের পর প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের পদত্যাগ ঘোষণার পর রক্ষণশীল দলের নেতৃত্ব না নেয়ার কথা জানিয়েছেন অর্থমন্ত্রী জর্জ অসবর্ণ। ধারণা করা হচ্ছিল ক্যামেরনের পদত্যাগের পর অসবর্ন দলের নেতৃত্ব দিতে পারেন।
মঙ্গলবার দ্য টাইমস পত্রিকায় এক লেখায় অসবর্ণ বলেন, ইইউতে থাকার পক্ষে (রিমেইন) প্রচারণা চালানোর কারণে তিনি দলের নেতৃত্ব দেয়ার জন্যে আর যোগ্য নন। গণভোটে ইইউ ছাড়ার পক্ষে ৫২ এবং থাকার পক্ষে ৪৮ শতাংশ ভোটার ভোট দেয়।
অসবর্ণ বলেন, আমি গণভোটে ইইউতে থাকার পক্ষে জোর প্রচারণা চালিয়েছিলাম। কারণ আমি যা বিশ্বাস করেছি তার জন্যে লড়াই করেছি। এখন ফলাফল আমি মেনে নিয়েছি। তাই দলের জন্যে যে ঐক্য দরকার তার জন্যে আমি যোগ্য লোক নই।
দলীয় নেতা হিসেবে ক্যামেরনের উত্তরসূরীকে সম্ভবত সেপ্টেম্বরে নিয়োগ দিতে হবে যাকে প্রধানমন্ত্রীর দায়িত্বও নিতে হবে। কিন্তু এ বিষয়ে জনগণের রায় পেতে সম্ভবত সাধারণ নির্বাচন দিতে হবে।