যুক্তরাজ্যের নিউ সাউথ ওয়েলস (এনএসডব্লিউ) রাজ্য সরকার বুধবার ঘোষণা করেছে, ছয়টি মিশরীয় মমি এখন অস্ট্রেলিয়ার পথে রয়েছে। এনএসডব্লিউ রাজ্যের চারুকলা মন্ত্রী ট্রয় গ্রান্ট বলেন, ব্রিটিশ জাদুঘরের মিশরীয় সংগ্রহ থেকে নেয়া এসব মমি সিডনির একটি প্রদর্শনীতে স্থান পাবে।
তিনি বলেন, সিডনির একটি প্রদর্শনীতে প্রায় ২শ’ সংগ্রহের সঙ্গে মিশরের ছয়টি মমি দেখানো হবে। মিশরে ১৮শ’ থেকে তিন হাজার বছর আগে তারা মারা যান। এসব মমি ইতিহাসের একটি উজ্জ্বল সময়ের প্রতিনিধিত্ব করে।
তিনি বলেন, এসব মমি হাজার হাজার বছর ধরে বিশেষ প্রক্রিয়ায় মোড়ানো রয়েছে। তবে এই প্রথমবারের মত এগুলো প্রদর্শনের জন্য বিশেষ প্রযুক্তি ব্যবহার করে আলগা করা হয়েছে। কিন্তু মমিগুলোর প্রকৃত অবস্থা অটুট রাখা এবং রক্ষণশীলতা নিশ্চিত করা হয়েছে।
এনএসডব্লিউ রাজ্যের পর্যটন মন্ত্রী স্টুয়ার্ট আইরিস বলেন, এ প্রদর্শনী সিডনির দর্শকদের জন্য একটা বিরাট পাওয়া। প্রদর্শনী আগামী ১০ ডিসেম্বর থেকে ২০১৭ সালের ৩০ এপ্রিল পর্যন্ত চলবে। এএফপি।