ঘুষ কেলেঙ্কারিতে দ. কোরিয়ার বিরোধী দলীয় নেতার পদত্যাগ

দক্ষিণ কোরিয়ার উচ্চপর্যায়ের একজন রাজনীতিবিদ ঘুষ কেলেঙ্কারির কারণে মঙ্গলবার পদত্যাগ করেছেন। তিনি নতুন বিরোধী দলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
 
গত এপ্রিলের নির্বাচনে দলটির সদস্যরা স্থানীয় দুটি কোম্পানির কাছ থেকে কয়েক হাজার ডলার ঘুষ নিয়েছে, এমন অভিযোগ উঠার প্রেক্ষাপটে সাবেক আইটি সফটওয়্যার ব্যবসায়ী অ্যান চেওল-সো পিপলস পার্টির পদ থেকে সরে দাঁড়ান।
 
অ্যান সাংবাদিকদের বলেন, ‘এ মামলার ক্ষেত্রে সকল রাজনৈতিক দায়িত্ব আমার হওয়ায় সব দায় মাথায় তুলে নিয়ে আমি কো-চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়ালাম।’
 
দক্ষিণ কোরিয়ার তরুণ ভোটারদের কাছে অনেক জনপ্রিয় অ্যান ২০১২ সালের প্রেসিডেন্ট নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে এসে রাজনৈতিক ব্যক্তিত্বে পরিণত হন। এই নির্বাচনে প্রধান বিরোধী দলীয় প্রার্থী মুন জায়ি-ইনকে সমর্থন জানিয়ে তিনি প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ান।
 
২০১৭ সালের প্রেসিডেন্ট নির্বাচনে অ্যান ও মুন আবারো প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে ধারণা করা হচ্ছে। -এএফপি