গুলশান হামলার জেরে জাপানে মুসলিম অ্যাসোসিয়েশনকে হুমকি

ঢাকার গুলশানে হলি আর্টিজান হামলার জেরে জাপানের শিজুকা শহরের মুসলিমদের বেনামি হুমকি দেয়া হয়েছে। চলতি মাসের ১ তারিখ গুলশানের ৭৯ নাম্বার রোডের এই হামলায় ২০ জন নিহত হয়, যাদের মধ্যে ৭ জন জাপানি ছিল।
 
শিজুকা মুসলিম অ্যাসোসিয়েশনের একজন কর্মকর্তা জানিয়েছেন, জাপানি ভাষায় লেখা দুটি চিঠিতে বলা হয়েছে ‘আমি বাংলাদেশে নিহত জাপানি ও ইতালিয়ানদের জন্য দুঃখিত। এখন থেকে সতর্ক থাকো কারণ আমি ব্যাট দিয়ে তোমাদের মাথার পেছনে আঘাত করবো।
 
গুলশানের এই হামলায় ৯ ইতালিয়ান, ৭ জাপানি, ২ বাংলাদেশি ও একজন করে ভারতীয় ও মার্কিন নাগরিক সহ ২০ জন নিহত হয়েছিল। দুটি চিঠিই একজন ব্যক্তি পাঠিয়েছে বলে ধারণা করা হচ্ছে। শিজুকা মুসলিম অ্যাসোসিয়েশন তাদের ভবনের আশেপাশে পুলিশের নজরদারি বাড়াতে অনুরোধ করেছে। অ্যাসোসিয়েশনের মহাসচিব বলেছেন, ইসলামের শিক্ষা ক্ষমাশীল হতে শেখায় যা জঙ্গিবাদের সম্পূর্ণ বিপরীত। এটা দুঃখজনক যে পুরো মুসলিম কমিউনিটকে ভুল বোঝা হচ্ছে।