ফ্রান্সে ট্রাক হামলায় নিহত প্রথম ব্যক্তি মুসলিম নারী

ফ্রান্সের নিস শহরে বাস্তিল দিবসের উত্সবে জড়ো হওয়া জনতার উপর ট্রাক হামলায় প্রথম যার মৃত্যু হয়েছে তিনি একজন মুসলিম নারী। অনুষ্ঠান দেখতে সবাই যেখানে জড়ো হয়েছিলেন সেদিকেই দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছিল ঘাতক ট্রাক। সে সময়ই লোভাল সৈকতের কাছে রাস্তার ধারের ফুটপাতে ওই নারীকে  পিষে দেয় ট্রাকটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
 
‘দ্য নিউইয়র্ক টাইমস’ জানায়, মৃত নারীর দুই ছেলেসহ পরিবারের অন্য সদস্যরা পাশে দাঁড়িয়ে কাঁদছিল। ঘটনার আকস্মিকতায় তারা স্তম্ভিত হয়ে যায়। হাল্কা নীল একটি কম্বল দিয়ে ঢাকা ছিল মৃতদেহটি। তিউনিসীয় বংশোদ্ভূত যে ফরাসি নাগরিক মানুষের ওপর ট্রাক চালিয়ে দেন তিনিও একজন মুসলিম।
 
ফ্রান্সের নিউজ ওয়েবসাইট ‘নিস-ম্যাতা ডটকম’ ঘাতকের নাম মোহাম্মদ ল্যউইজ বুলেল বলে জানিয়েছে। পুলিশের গুলিতে নিহত হওয়ার আগে তাকে ‘আল্লাহু আকবর’ বলতে শোনা যায়। ১৮ মাসের মধ্যে তৃতীয়বারের মত বড় ধরনের সন্ত্রাসী হামলার ঘটনা ঘটল ফ্রান্সে।