ফুলবাড়ীয়া উপজেলায় দুই চায়না নাগরিকের ওপর হামলার ঘটনা ঘটেছে। আহত দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত বলে জানা গেছে।
ঘটনাটি ঘটেছে গত ১৪ জুলাই দিবাগত ১১টার দিকে।
এ ঘটনায় প্রতিষ্ঠানের সহকারী ম্যানেজার সেলিম রেজা বাদী হয়ে ফুলবাড়ীয়া থানায় শামছুল হকের নাম উল্লেখ করে অজ্ঞাত ১০-১২জন আসামি করে শুক্রবার একটি মামলা দায়ের করেন।
লিখিত অভিযোগে প্রকাশ, উপজেলার ১৩ নম্বর ভবানীপুর ইউনিয়নের কান্দানিয়া (যমুনারপাড়) এলাকায় পোল্ট্রি ব্রিডার ফার্ম ইউনিট-৪ নিউ হোপ বাংলাদেশের কর্মকর্তা টিয়ান সোয়াং (৫২) পাসপোর্ট নম্বর ই- ৩০৫০৭৩৬৮ ও অন্য কর্মকর্তা জাও লিন (২৮) পাসপোর্ট নং ই- ৬৩১৬৯৪৯৬ কর্মরত। নিউ হোপ বাংলাদেশ কোম্পানির ইলেকট্রিশিয়ান শামসুল হক বেতন বাড়ানো নিয়ে কথা বলেন কথা কাটাকাটির এক পর্যায়ে সোয়াং এবং জাও লিন এর ওপর অতর্কিত হামলা চালায়। এতে ২ বিদেশি নাগরিক আহত হলে অফিসের অন্যরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে।
এ ঘটনায় থানায় একটি অভিযোগ দিলে পুলিশ ওই দিনই ঘটনাস্থল পরিদর্শন করে মামলা তদন্ত (এফ আর) রিপোর্ট প্রদান করে।
আসামি শামসুল হক পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার বাবুয়ানীজোত এলাকার কফিল উদ্দিনের ছেলে।
থানার অফিসার ইনচার্জ রিফাত খান রাজিব মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামি গ্রেফতারে অভিযান চলছে।