শাহজাদপুরে বাসের ধাক্কায় রংমিস্ত্রির মৃত্যু

 
রাজধানীর গুলশানের শাহজাদপুর এলাকায় বাসের ধাক্কায় মাসুদ রানা (৪০) নামের এক রংমিস্ত্রির মৃত্যু হয়েছে। রবিবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাসুদ রানা ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার তোতা মাতুব্বরের ছেলে।
 
জানা যায়, মাসুদ রানা গুলশানের শাহজাদপুর এলাকায় থেকে রংমিস্ত্রির কাজ করতেন। সকালে কর্মস্থলে যাওয়ার জন্য শাহজাদপুর মেইনরোড এলাকায় রাস্তা পার হচ্ছিলেন তিনি। এ সময় যাত্রীবাহী একটি বাস তাকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে সকাল ১০টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) আজাদুজ্জামান জানান, যাত্রীবাহী সুপ্রভাত পরিবহনের দুইটি বাস রাস্তা অতিক্রম করার সময় এ দুর্ঘটনা ঘটে। দুই বাসসহ দুই চালককে আটক করা হয়েছে।