কলেজ জাতীয়করণের তালিকায় নাম না থাকায় বিক্ষোভ-সমাবেশ অব্যাহত রেখেছে বিভিন্ন কলেজের শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয়রা। এবিষয়ে সংবাদ পাঠিয়েছেন ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতারা।
সুজানগরে ক্লাস বর্জন ও বিক্ষোভ মিছিল : পাবনার সুজানগর উপজেলার ডা. জহুরুল কামাল ডিগ্রী কলেজ জাতীয়করণের দাবিতে তৃতীয় দিনের মত ছাত্র-ছাত্রীদের কর্মসূচি চলছে। রবিবার তারা ক্লাস বর্জন করে বিক্ষোভ মিছিল ও শিক্ষকদের বের করে দিয়ে প্রধান ফটকে তালা লাগিয়ে দেয়। পরে কলেজ জাতীয়করণের দাবিতে পাবনা-ঢাকা মহাসড়কে বিক্ষোভ মিছিল করে। কলেজ জাতীয়করণের ঘোষণা না হওয়া পর্যন্ত ক্লাস বর্জনসহ আন্দোলন অব্যাহত রাখবে বলে জানায় ছাত্রনেতা শেখ বাদশা।
জীবননগরে মানববন্ধন ও সড়ক অবরোধ :জীবননগর ডিগ্রি কলেজ জাতীয়করণের দাবিতে গতকাল রবিবার মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও সড়ক অবরোধ হয়েছে। মানববন্ধনে বক্তব্য রাখেন, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলী আখতার, প্রভাষক ইউনূছ আলী, প্রভাষক তারিকউজ্জামান, প্রাক্তন ছাত্র প্রভাষক নাসির উদ্দিন, কলেজের স্নাতক বর্ষের ছাত্র মিঠুন মাহমুদ ও ছাত্রী আঁখি প্রমুখ।
চান্দাইকোনায় মহাসড়ক অবরোধ : সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ চান্দাইকোনা হাজী ওয়াহেদ-মরিয়ম অনার্স কলেজ সরকারিকরণের দাবিতে লাগাতার আন্দোলন অব্যাহত রয়েছে। এরই অংশ হিসাবে আন্দোলনের ষষ্ঠ দিনে গতকাল রবিবার সকাল সাড়ে ১০টা থেকে ঘণ্টাব্যপী কলেজের শিক্ষক, কর্মচারী, ছাত্র-ছাত্রী কলেজের সম্মুখে ঢাকা-বগুড়া মহাসড়কে মানববন্ধন কর্মসূচি পালন করেন। পরে অভিন্ন দাবিতে ছাত্র-ছাত্রী ও এলাকাবাসী বিক্ষোভ মিছিল ও মহাসড়ক অবরোধ করে।
নেত্রকোনার আটপাড়ায় মানববন্ধন :নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলা সদরে ৩০ বছর পূর্বে প্রতিষ্ঠিত আটপাড়া কলেজটিকে সরকারিকরণের দাবিতে গতকাল রবিবার সপ্তম দিনের মত মানববন্ধন অনুষ্ঠিত হয়। উপজেলা চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে কলেজের শিক্ষক, শিক্ষার্থী, আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ, আটপাড়া প্রেসক্লাব, ছাত্রলীগসহ এলাকার জনগণ অংশগ্রহণ করে। মানববন্ধনে বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ মোজাম্মেল হক, সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিরঞ্জন পাল সৈকত, উপজেলা আওয়ামী লীগের সাবেক সম্পাদক আবু নাসের খান মিলু, উপজেলা যুবলীগ সভাপতি মাহফুজুল আলম খান, অধ্যাপক মানিক রায়, মুক্তিযোদ্ধা খোরশেদ আলম বাচ্চু, স্বেচ্ছাসেবক লীগ নেতা জহিরুল ইসলাম খান, জিয়াউল হক প্রমুখ।
বাসাইলে মানববন্ধন ও সড়ক অবরোধ:টাঙ্গাইলের বাসাইলে এমদাদ-হামিদা ডিগ্রী মহাবিদ্যালয় সরকারিকরণের দাবিতে গতকাল রবিবার মহাবিদ্যালয়ের সামনে মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসুচি পালন করেছে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। এ কর্মসুচিতে বক্তব্য রাখেন মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ড. হাবিবুর রহমান, উপাধ্যক্ষ জাহাঙ্গীর আলমসহ অন্যরা। বাসাইলের প্রাচীন এ মহাবিদ্যালয়টি বাদ রেখে সম্প্রতি নন এমপিওভুক্ত একই এলাকার জোবেদা-রুবিয়া মহিলা মহাবিদ্যায়টি জাতীয় করণের তালিকায় অন্তর্ভুক্ত করায় এলাকার শিক্ষক, ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের মাঝে ক্ষোভ বিরাজ করছে।