বিধ্বস্ত মালয়েশীয় বিমানের যাত্রীদের পরিবার ক্ষতিপূরণ পাবে

রুশ সীমান্তের কাছে মালয়েশিয়া এয়ারলাইন্সের ফ্লাইট এমএইচ১৭ ‘ভূপাতিত’ হওয়ার ঘটনায় নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে একটা ‘নিষ্পত্তি’ হয়েছে বলে তাদের আইনজীবী ভিরু মেওয়া এ কথা জানিয়েছেন। দুই বছর আগে ‘রুশ বিচ্ছিন্নতাবাদীরা’ বিমানটি গুলি করে ভূপাতিত করলে সে সময়ে ২৯৮ জন আরোহীর সকলেই নিহত হন।
 
নিহতদের মধ্যে বেশিরভাগই ছিল ডাচ। নেদারল্যান্ডসের মিডিয়া জানায়, ক্ষতিপূরণের বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি। কেননা দুইপক্ষই এক্ষেত্রে গোপনীয়তা রক্ষা করতে সম্মত হয়েছে। গত রবিবার ছিল এ ঘটনার দ্বিতীয় বার্ষিকী। এদিন নেদারল্যান্ডের স্কিফোল নামক স্থানে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়। এখানকার কাছে অবস্থিত আমস্টার্ডাম থেকে বিমানটি কুয়ালালামপুরের উদ্দেশে যাওয়ার পথে বিধ্বস্ত হয়।
 
মন্ট্রিল কনভেনশনে বলা আছে, কোন বিমান বিধ্বস্ত হলে তাদের পরিবারকে ক্ষতিপূরণ হিসাবে ১ লাখ ৪৫ হাজার ডলার পর্যন্ত দেওয়ার বিধান রয়েছে। তবে পরিবারপ্রতি কত করে দেওয়া হবে তা পরিস্থিতির ওপর নির্ভর করছে। ওইদিন ছিল ক্ষতিপূরণের অর্থ দাবি করারও শেষ দিন। আর সেসময়েই নিহতদের আইনজীবী ওই কথা জানান। এই চুক্তি হওয়ায় দীর্ঘদিনের ঝুলে থাকা একটি বিষয়ের অবসান হল।
 
ডাচ প্রসিকিউটররা জানান, তারা এখনও বিমান ভূপাতিত হওয়ার বিষয়ে রাশিয়ার পক্ষ থেকে তথ্য পাওয়ার অপেক্ষায় আছেন। উল্লেখ্য পশ্চিমা এবং ইউক্রেন বলে আসছে রাশিয়ার সমর্থনপুষ্ট বিচ্ছিন্নতাবাদীরা এ ঘটনা ঘটিয়েছে। অন্যদিকে রাশিয়া বলছে, ইউক্রেনের বাহিনীই এটা করেছে। বিবিসি