সিরিয়ায় মার্কিন জোটের হামলায় ৫৬ বেসামরিক ব্যক্তি নিহত

জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) দখলে থাকা সিরিয়ার বিভিন্ন এলাকায় সোমবার মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় কমপক্ষে ৫৬ জন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১১ শিশু রয়েছে। যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এই তথ্য জানিয়েছে।
 
সংস্থাটি বলেছে, সোমবার সিরীয় শহর মানবিজে মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় পার্শ্ববর্তী হাজাওনেহ এলাকায় ১৫ বেসামরিক ব্যক্তি নিহত হন। এছাড়া শহরটির কাছে তোখার গ্রামে দুই ভাই এবং এক বাবা ও তার দুই শিশু সন্তানসহ মোট ছয়জন নিহত হন। গত মাসে যুক্তরাষ্ট্র সমর্থিত কুর্দি যোদ্ধারা আইএসের হাত থেকে মানবিজ উদ্ধারের চেষ্টা চালায়।
 
এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, এসব হতাহত সর্ম্পকে তাত্ক্ষণিকভাবে জোটের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি। চলতি বছরের জুনের শুরু থেকে জোট বাহিনীর হামলায় বেসামরিক ব্যক্তিদের নিহতের সংখ্যা ১০৪-এ পৌঁছেছে। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, নিহতদের মধ্যে ২৯ শিশু ও ১৬ নারী রয়েছে।
 
উল্লেখ্য,  ইরাক ও সিরিয়ার বিশাল অংশ দখল করে ২০১৪ সালে ‘খিলাফত’ ঘোষণা করে আইএস। ওই বছরই মানবিজি শহরটি দখল করে নেয় আইএস জঙ্গিরা। সূত্র: আল জাজিরা