জরুরি অবস্থা ৬ মাস বাড়ানোর পক্ষে ফ্রান্সের পার্লামেন্ট

দেশে চলমান জরুরি অবস্থা আরো ছয় মাস বাড়ানোর পক্ষে ভোট দিয়েছে ফ্রান্সের পার্লামেন্ট। এর ফলে আগামী বছর জানুয়ারি পর্যন্ত জরুরি অবস্থায় থাকবে দেশটি।
 
নিসে গত সপ্তাহের হত্যাযজ্ঞের পর জরুরি অবস্থা বাড়ানোর এ উদ্যোগ নেয়া হল। গত বছর নভেম্বরে প্যারিসে সন্ত্রাসী হামলার পর দেশটিতে জরুরি অবস্থা জারি করা হয়।
 
এ নিয়ে পার্লামেন্ট চতুর্থবারের মতো জরুরী অবস্থা বাড়ানোর প্রস্তাব দিলো। এখন এটি কার্যকরে সিনেটের অনুমোদন লাগবে।
 
জরুরি অবস্থার কারণে দেশটির নিরাপত্তা বাহিনী অতিরিক্ত ক্ষমতা ভোগ করছে। সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনার ক্ষেত্রে কিছু সুবিধা দিতে সেখানে জরুরি অবস্থা জারি করে রাখা হয়েছে।
 
প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ জরুরী নিরাপত্তা ব্যবস্থা তুলে নেয়ার ব্যাপারে গত বৃহস্পতিবার পরিকল্পনা ঘোষণা করলেও নিস শহরে বাস্তিল দিবসের অনুষ্ঠানে ট্রাক হামলার কয়েক ঘণ্টা পর তা বাতিল জরুরী অবস্থার মেয়াদ বাড়ানোর ব্যবস্থা নেয়া হল।-এএফপি