ফরিদপুরে স্বর্ণের দোকানে ডাকাতি, ককটেল বিস্ফোরণ

ফরিদপুর শহরের নিলটুলি মুজিব সড়কের মেঘনা জুয়েলার্সে ডাকাতি হয়েছে।
 
বুধবার রাত ৮টা ২৫ মিনিট থেকে সাড়ে ৮টার মধ্যে এ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাত পালানোর সময় অন্তত ১০টি ককটেলের বিস্ফোরণ ঘটায়। ডাকাতরা দুইশ ভরি স্বর্ণালংকার লুটে নিয়েছে বলে দাবি মালিকের।
 
জুয়েলার্সের মালিক স্বপন কুমার জানান, ডাকাতরা দোকানে প্রবেশ করে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে। পরে তারা লোহার রড ও হকিস্টিক দিয়ে দোকানের সোকেস ও গ্লাস ভেঙে স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যায়। এ সময় ডাকাতরা ৮-১০ টি ককটেলের বিস্ফোরণ ঘটায়।
 
খবর পেয়ে ফরিদপুরের পুলিশ সুপার জামিল হাসানসহ জেলা পুলিশের ঊধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
 
এদিকে পুলিশের একটি সুত্র জানিয়েছে, দোকান ও সড়কের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে ইতিমধ্যেই অপরাধীদের ধরতে মাঠে নেমেছে পুলিশ।