ভুরুঙ্গামারীতে সদ্যবিলুপ্ত ১০ ভারতীয় ছিটমহলে ভোটার ২৯২ !

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় সদ্যবিলুপ্ত ১০টি ভারতীয় ছিটমহলের অর্ধেকের বেশি নাগরিক বাংলাদেশি ঠিকানা ব্যবহার করে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়ে বিভিন্ন সুবিধা নিয়ে আসছে। এ কারণে চলতি ভোটার তালিকায় ১০টি ছিটমহলে মাত্র ২৯২ জন নাগরিক ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। উপজেলার পাথরডুবি ইউনিয়নে সাতটি ছিটমহলে ২০৪, শিলখুড়ি ইউনিয়নে দুইটি ছিটমহলে ৩৬ এবং ভুরুঙ্গামারী সদরের একটি ছিটমহলে ৫২ জন নাগরিক ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে।
 
উপজেলা নির্বাচন অফিসার আব্দুল লতিফ জানান, বাংলাদেশি ঠিকানা ব্যবহার করে এর আগে প্রায় তিন শতাধিক ভারতীয় ছিটমহলের নাগরিক উপজেলার বিভিন্ন ইউনিয়নে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়ে সুবিধা নিয়েছে। এরই মধ্যে এরকম ১৫০ জন নাগরিক ভোটার তালিকা সংশোধনের জন্য উপজেলা নির্বাচন অফিসে আবেদন জানিয়েছে। আরো প্রায় দুই শতাধিক নাগরিক ভোটার তালিকা সংশোধনের আবেদন করতে পারে বলে তিনি জানান।