মাঠ প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে রাজধানীতে চলতি বছরের জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন শুরু হচ্ছে মঙ্গলবার। চার দিনব্যাপী এই সম্মেলন হবে। এবার ১৮টি কার্য-অধিবেশনে ৩৩৬টি প্রস্তাবের ওপর আলোচনা হবে।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সম্মেলনের উদ্বোধন করবেন।
মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম রবিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এবারের জেলা প্রশাসক সম্মেলনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, বিভাগীয় কমিশনার ও ডিসিরা যেসব প্রস্তাব করেছেন, সেগুলো নিয়ে সম্মেলনে বিস্তারিত আলোচনা হবে।
তিনি বলেন, ডিসিরা মাঠ পর্যায়ে যেসব চ্যালেঞ্জের সম্মুখীন হন, সেগুলো ছাড়াও বিদ্যমান সম্ভাবনা সম্পর্কে মন্ত্রী, উপদেষ্টা, সচিবদের উপস্থিতিতে আলোচনা করে চ্যালেঞ্জ মোকাবেলয় দিক নির্দেশনা পাবেন।
এবার ৩৯টি মন্ত্রণালয় সম্পর্কিত ৩৩৬টি প্রস্তাবের ওপর আলোচনা হবে জানিয়ে তিনি বলেন, সবচে বেশি, ২৭টি প্রস্তাব এসেছে ভূমি মন্ত্রণালয় বিষয়ে। আর জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত ২৫টি প্রস্তাব দিয়েছেন ডিসিরা।