রাজশাহীতে পানিতে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু

রাজশাহীতে পুকুরে ডুবে সায়লা খাতুন (৭) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।
 
রবিবার দুপুরে নগরীর মোল্লাপাড়ায় এ ঘটনা ঘটে। সায়লা ওই মহল্লার শরিফুল ইসলামের মেয়ে। সে রাজশাহী প্রভাত বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণিতে পড়তো।
 
রাজপাড়া থানার ওসি আমান উল্লাহ জানান, দুপুর ১টার দিকে সায়লা বাড়ির কাছের পুকুরে গোসল করতে গিয়ে তলিয়ে যায়। পরে এলাকাবাসী অনেক খোঁজাখুঁজির পর বেলা আড়াইটার দিকে তাকে পুকুর থেকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।