কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় দুটি এলজি ও দেশীয় তৈরি অস্ত্রশস্ত্রসহ দুই সন্ত্রাসীকে আটক করা হয়েছে।
বুধবার সকালে জেলার চৌদ্দগ্রাম উপজেলার উত্তর শরপটি গ্রাম থেকে র্যাবের একটি দল তাদের আটক করে।
জানা গেছে, বুধবার সকাল ছয়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শরপটি গ্রামে অভিযান চালানো হয়। এ সময় র্যাব ওই গ্রামের আবদুর রহমান রানার (৩০) ঘর থেকে তাকেসহ একই উপজেলার বেরলা উত্তরপাড়া গ্রামের আবদুল কাদেরকে (৫৮) আটক করে।
কুমিল্লাস্থ র্যাব-১১ এর অধিনায়ক মেজর মোস্তফা কায়জার জানান, ওই ঘরে তল্লাশি চালিয়ে দুটি দেশীয় তৈরি এলজি, দুটি রাম দা, একটি চাপাতি, একটি চাকু ও ৪৫টি চকলেট বোমা উদ্ধার করা হয়। তারা এলাকার চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসী এবং অস্ত্র ব্যবসা, চাঁদাবাজি, টেন্ডারবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।