কাশ্মিরে গ্রেফতার বিদেশি 'সন্ত্রাসী' পাকিস্তানের নাগরিক

ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের নিয়ন্ত্রণ রেখার কাছ থেকে গ্রেফতার করা ‘বিদেশি সন্ত্রাসী’ পাকিস্তানের লাহোর শহরের বাসিন্দা বাহাদুর আলি বলে শনাক্ত হয়েছেন।
 
মঙ্গলবার ভারতের জম্মু ও কাশ্মির রাজ্যের কুপওয়ারা জেলার নওগাম সেক্টরে ভারতীয় নিরাপত্তা বাহিনীর সঙ্গে গোলাগুলিতে চার ‘সন্ত্রাসী’ নিহত হওয়ার কথা এক সেনা কর্মকর্তার বরাতে জানিয়েছিল এনডিটিভি। ওই সময় এক ‘সন্ত্রাসীকে’ জীবিত গ্রেফতারের কথা জানিয়েছিলেন ওই সেনা কর্মকর্তা। গ্রেফতার ওই ব্যক্তিই বাহাদুর আলি বলে বুধবার জানায় গণমাধ্যমটি। বাহাদুর আলির আরেক নাম সাইফুল্লাহ। কয়েকটি সূত্রের দাবি, ২২ বছর বয়সী সাইফুল্লা লস্করের প্রশিক্ষণপ্রাপ্ত জঙ্গি।
 
ভারতীয় নিরাপত্তা বাহিনী তার কাছ থেকে ২৩ রুপি উদ্ধার করেছে। এছাড়া ঘটনাস্থল থেকে তিনটি একে-৪৭ রাইফেল ও দুটি পিস্তল উদ্ধারের কথাও জানিয়েছে। এই নিয়ে  দুইমাসে কাশ্মিরের নিয়ন্ত্রণ রেখা সংলগ্ন জেলাটি থেকে দ্বিতীয়বারের মতো একজন বিদেশি ‘সন্ত্রাসী’কে গ্রেফতার করা হল। জম্মু ও কাশ্মিরের স্বরাষ্ট্রমন্ত্রী কিরেন রিজিজু বলেছেন, “একজন সন্ত্রাসীকে জীবিত ধরতে পারা বড় ধরনের সাফল্য। পাকিস্তানের সত্যতা সামনে চলে এসেছে।”
 
৮ জুলাই কাশ্মিরের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী হিজবুল মুজাহিদিনের সদস্য বুরহান ওয়ানি নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হওয়ার পর উপত্যকাটি জুড়ে তীব্র গণঅসন্তোষ দেখা দেয়। প্রতিবাদরত জনতার সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে নিরাপত্তা বাহিনীর গুলিতে এ পর্যন্ত অন্ততপক্ষে ৪৭ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আড়াই হাজারেরও বেশি। কাশ্মিরের পরিস্থিতি এখনও পুরোপুরি শান্ত না হলেও সান্ধ্য আইন তুলে নেওয়া হয়েছে।