তুরস্কের গোয়েন্দা সংস্থার নিয়ন্ত্রণ নিচ্ছেন এরদোগান

 
তুরস্কের সামরিক শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের পাশাপাশি গোয়েন্দা সংস্থা ও সেনাপ্রধানকে নিজের নিয়ন্ত্রণে নেয়ার ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। রবিবার এরদোগান বিবিসিকে বলেন, তাঁর এ প্রস্তাবগুলো পার্লামেন্টে উত্থাপন করা হবে।
 
গত ১৫ জুলাই সেনা অভ্যুত্থানচেষ্টার পরিপ্রেক্ষিতে বিরোধীপক্ষকে দমনের প্রক্রিয়ার অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হচ্ছে। অভ্যুত্থানচেষ্টায় অন্তত ২৪৬ জন নিহত হন।
 
প্রেসিডেন্ট এরদোগান বলেন, 'আমরা একটি নতুন সাংবিধানিক প্যাকেজ নিয়ে আসতে যাচ্ছি। এটা পার্লামেন্টে অনুমোদন হলে জাতীয় গোয়েন্দা সংস্থা (এমআইটি) ও সেনাপ্রধান রাষ্ট্রপতির নিয়ন্ত্রণে আসবে, সামরিক বিদ্যালয়গুলো বন্ধ হয়ে যাবে। আমরা একটি জাতীয় প্রতিরক্ষা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করব।'
 
অভ্যুত্থানচেষ্টার ঘটনায় এ পর্যন্ত ৬৬ হাজার চাকরিজীবীকে বরখাস্ত করা হয়েছে এবং ৫০ হাজার পাসপোর্ট বাতিল করা হয়েছে।
 
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ১৪২টি সংবাদমাধ্যম বন্ধ করে দিয়েছে এবং বেশ কয়েকজন সাংবাদিককে গ্রেফতার করেছে। তিন মাসের জরুরি অবস্থা জারি করা হয়েছে সারাদেশে। বিবিসি।