ব্যাঙ্গালুরুর ব্যস্ততম একটি রাস্তা দীর্ঘদিন ধরে খানা-খন্দে পরিণত হয়েছে। ব্যস্ত শহরটির গুরুত্বপূর্ণ রাস্তাটির কোথাও কোথাও পানি জমেছে। এই পথে চলাচলকারীদের প্রতিদিন নানা বিড়ম্বনার শিকার হতে হয়। মাঝে মাঝেই ঘটে ছোটখাটো দুর্ঘটনা। বিষয়টি নিয়ে বহুবার কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেও কোনো লাভ হয়নি। এমন গুরুত্বপূর্ণ একটি রাস্তার এই বেহাল দশার প্রতিবাদ জানাতে এগিয়ে আসেন শিল্পী বাদাল নানজুন্দাস্বামী।
‘ব্যাঙ আর রাজকুমারী আখ্যান’ শিরোনামের অভিনব ঐ প্রতিবাদে ফুটে উঠেছে ভাঙা রাস্তার করুণ চিত্র। যেখানে পানির মধ্যে থেকে বেরিয়ে আসছে ব্যাঙ আর সেই ব্যাঙটিকে হাতে নিয়ে চুমু খাচ্ছে এক রাজকুমারী। রাস্তার বেহাল দশা নিয়ে করা অভিনব এই প্রতিবাদের বিষয়টি নজর কেড়েছে দেশটির গুরুত্বপূর্ণ গণমাধ্যমগুলোতে।
অনেক পথচারী জানান, গত ১০ থেকে ১৫ বছর ধরে এই সড়কটি এভাবে অযত্নে-অবহেলায় পড়ে রয়েছে। শহরের প্রাণকেন্দ্রের একটি রাস্তার যদি এমন অবস্থা হয় তাহলে শহরের কম গুরুত্বপূর্ণ রাস্তাঘাটের কী অবস্থা—এই প্রশ্ন রাখেন কোনো কোনো পথচারী।-এনডিটিভি