মাত্র পাঁচ পাউন্ড দিয়ে একটি পুরেনো চেয়ার কিনেছিলেন এক ব্রিটিশ দম্পতি। কিন্তু কয়েক বছর পর তারা চেয়ারের ভেতর লুকানো অবস্থায় কিছু হীরার গয়না আবিষ্কার করেন যার দাম পাঁচ হাজার পাউন্ড।
পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, অ্যাঞ্জেল মিলনার ব্রাউন (৫০) ও তার স্বামী আনগুস (৪৭) কোনোদিন ধারণও করতে পারেননি যে তাদের কেনা চেয়ারের মধ্যে কি মূল্যবান জিনিস লুকানো আছে।
স্কটল্যান্ডের দক্ষিণ লানার্কশাইরের বিগারের ঐ দম্পতি ১০ বছর আগে একটি নিলাম থেকে মাত্র পাঁচ পাউন্ড দিয়ে চেয়ারটি কিনেছিলেন। কিন্তু অর্থ না থাকায় চেয়ারটি মেরামত করতে পারেননি তারা। ছয় বছর ধরে তাদের বাড়ির চিলেকোঠায় চেয়ারটি পড়ে ছিল।
অ্যাঞ্জেলা বলেছেন, চেয়ারটি কেনার পর সেটি থেকে আমরা আর কিছুই আশা করিনি। কিন্তু কয়েকবছর পর আমার স্বামী আমাদের বিবাহ বার্ষিকীতে একটি হীরার আংটি উপহার দিয়ে আমাকে অবাক করে দেয়। সে এটি চেয়ারের মধ্যে লুকানো অবস্থায় খুঁজে পায়। এরপর ভ্যালেন্টাইন ডেতে আমাকে সে একজোড়া হীরার কানের দুল উপহার দেয়। এরপর একটি হীরার ব্রোচ উপহার দেয়। চেয়ারের যে আগের মালিক ছিলেন তিনি সম্ভবত এগুলো এখানে লুকিয়ে রেখেছিলেন।
চেয়ারটি সংস্কার করতে গিয়ে হীরার গয়নাগুলো খুঁজে পেয়েছিলেন আনগুস। কিন্তু স্ত্রীকে চমক দেবেন বলে এগুলো লুকিয়ে রেখেছিলেন তিনি। খবর: পিটিআই।