সিরিয়ার ইদলিবে বিষাক্ত ক্লোরিন গ্যাস হামলা

সিরিয়ার উত্তরাঞ্চলের ইদলিব প্রদেশে বিষাক্ত ক্লোরিন গ্যাসকে অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে বিবিসি জানায়, গ্যাসের বিষক্রিয়ায় সেখানে ২৮ জন আক্রান্ত হয়েছেন।
 
ইদলিবের সারাকেবের ডাক্তার ও উদ্ধারকারীরা জানায়, একটি হেলিকপ্টার থেকে ক্লোরিন গ্যাসভর্তি সিলিন্ডার ফেলা হয়। তবে কারা এর জন্য দায়ী তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
 
সিরিয়ায় লড়াইরত সব পক্ষই একে অপরকে রাসায়নিক অস্ত্র ব্যবহার করার অভিযোগ করেছে। তবে তারা সবাই অভিযোগ অস্বীকার করেছে।
 
গত সপ্তাহে সারাকেবের কাছে রুশ হেলিকপ্টার ভূপাতিত করার পর এই ঘটনা ঘটল।
 
ড. আব্দেল আজিজ বারীহ যিনি আক্রান্ত এলাকায় রয়েছেন বিবিসিকে জানান, সোমবার শহরে ক্লোরিন গ্যাসের দুইটি ব্যারেল ফেলা হয়েছে। এখন পর্যন্ত ২৮ জন গ্যাসের বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছেন।