শিবালয়ে বন্যায় মাছ চাষিদের ব্যাপক ক্ষতি

শিবালয় উপজেলার সর্বত্র ও পার্শ্ববর্তী এলাকায় চলতি বন্যায় বিশেষ করে মত্স্য চাষ প্রকল্পের ব্যাপক ক্ষতি হয়েছে। বন্যায় চাষ করা মাছ ভেসে যাওয়ায় অনেক চাষি সর্বস্বান্ত হয়েছে।
 
এক সপ্তাহ আগে অস্বাভাবিক হারে পানি বৃদ্ধি পাওয়ায় বিশেষ করে বিভিন্ন পুকুর, ডোবা-নালা ও বিলের মাছের ঘের পানিতে তলিয়ে যায়। এতে মাছের পোনা ও ডিমের জলাশয় ডুবে যায়। অনেকে পুকুরের পাড় ও ডোবা-নালার চারপাশ জাল, বাঁশের বেড়া দিয়ে ঘিরে রাখার চেষ্টা করেও ব্যর্থ হয়।
 
নয়াবাড়ি গ্রামের মত্স্য চাষি ভজন হলদার জানান, এ গ্রামে প্রায় একশ পুকুরে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করা হয়। এরমধ্যে প্রায় ২০ একর জমির নিজস্ব ২৫টি পুকুরে মাছের অধিকাংশ বেরিয়ে যাওয়ায় লাখ লাখ টাকার ক্ষতি হয়েছে।    শিবালয় উপজেলা মত্স্য চাষি সমিতির সভাপতি আসলাম মোল্লা জানান, উপজেলার প্রায় দেড় হাজার মত্স্য চাষির অধিকাংশ মাছ চলতি বন্যায় ভেসে গেছে। অনেক চাষির পথে বসার উপক্রম হয়েছে। এ ক্ষতি পুষিয়ে নিতে ব্যাংক ও এনজিও থেকে সহজ শর্তে লোন দেওয়ার দাবি জানানো হচ্ছে। উপজেলা মত্স্য কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, উপজেলায় এক হাজার মত্স্য চাষির আড়াইশ হেক্টর জমিতে প্রায় ১৩শ পুকুর রয়েছে। এবারের বন্যায় প্রায় ১৩ কোট ৭০ লাখ টাকার ক্ষতি হয়েছে। এছাড়া অবকাঠামোগত ক্ষতির পরিমাণ প্রায় ৫ কোটি টাকা।