গাংনীতে বোমা বানাতে গিয়ে সন্ত্রাসী আহত

মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর গ্রামে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে সাহারুল ইসলাম (৩৫) নামে এক সন্ত্রাসী আহত হয়েছেন। আহতাবস্থায় গোপনে চিকিৎসা নিতে আত্মগোপন করলেও পুলিশ তাকে আটক করেছে।
 
বুধবার দুপুরে কাজীপুর গ্রামের ফুলতলাপাড়ায় এ ঘটনা ঘটে।
 
স্থানীয়রা জানান, দুপুর দেড়টার দিকে সন্ত্রাসী সাহারুল নিজ বাড়িতে বোমা বানাচ্ছিলেন। হঠাৎ একটি বোমার বিস্ফোরণ ঘটলে সাহারুল ইসলামের দুই হাত ও পেটসহ শরীরের বিভিন্ন অংশে ক্ষত হয়। পরে ক্ষত অবস্থায় তার স্ত্রী ইজিবাইকে করে তাকে অজ্ঞাত স্থানে নিয়ে গেলেও পুলিশ অভিযান চালিয়ে পার্শ্ববর্তী গ্রামের একটি বাড়ি থেকে তাকে উদ্ধার করে। পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়।
 
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।