ভারতের মহারাষ্ট্রে সেতু ধসের ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত ১৪ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ভারতীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, এখনও কমপক্ষে ২৮ জন নিখোঁজ রয়েছেন। সব মিলিয়ে ওই ঘটনায় ৪২ জনের প্রাণহানির আশঙ্কা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফার্নাবিস। খবর বিবিসি ও এনডিটিভির।
গত মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে মুম্বাই-গোয়া হাইওয়েতে ব্রিটিশ আমলের সেতুটি ভেঙে পড়ে। এতে দুটি যাত্রীবাহী বাসসহ তিনটি যানবাহন নদীগর্ভে তলিয়ে যায়। প্রাথমিকভাবে ২০-২২ জন নিখোঁজের কথা বলা হলেও, পরবর্তীতে তা বেড়ে ৪২ জনে দাঁড়ায়। এর মধ্যে বৃহস্পতিবার ১১ জনের মরদেহ উদ্ধার করা হয়। এরপর শুক্রবার দুপুর পর্যন্ত আরো তিনজনের মৃতদেহ পাওয়া যায়। এ ঘটনায় নিখোঁজ আর কেউ বেঁচে নেই বলে আশঙ্কা করা হচ্ছে। তবে উদ্ধার তৎপরতা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ। সেখানে এখনো দেড়শ উদ্ধারকর্মী কাজ করে যাচ্ছেন।
স্থানীয় কর্মকর্তা সতীশ বাগল সংবাদমাধ্যমকে বলেন, নিহত অনেকের মৃতদেহ সেতুটির ১০০ কিলোমিটার দূর থেকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃতদের মধ্যে দুই নারী ও এক পুরুষের পরিচয় শনাক্ত করা গেছে। তবে ভেসে যাওয়া যানবাহনগুলো এখনও খুঁজে পাওয়া যায়নি বলে জানান এক দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা।
উল্লেখ্য, ভেঙে পড়া সেতুটির পাশে নবনির্মিত আরেকটি সেতু রয়েছে। পুরনোটি সেতুটি ভেঙে পড়ার পর নতুন সেতুতে যানবাহন চলাচল করছে।