জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সোনাপাড়া গ্রামে নতুন বিদ্যুৎ লাইনের সংযোগ দেয়ার অনুষ্ঠান মঞ্চে বিদ্যুৎস্পৃষ্টে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে।
জানা যায়, পল্লী বিদ্যুৎ সমিতির আওতায় পাঁচবিবির সোনাপাড় গ্রামের ৭০টি বাড়িতে বিদ্যুৎ সংযোগ দেয়ার কর্মসূচি ছিল। এ ব্যাপারে সোনাপাড়া ইফতেদায়ী মাদ্রাসা মাঠে অনুষ্ঠান মঞ্চ তৈরী করা হয়। মঞ্চ নির্মাতা ডেকোরেটর নূর আমিন মঞ্চে মাইক ও ফ্যান ব্যবহার করার জন্য পাশ্ববর্তী একটি রাইস মিল থেকে বিদ্যুৎ সংযোগ দেয়। বিদ্যুৎ সংযোগের জন্য কিছু খোলা তার ঐ মঞ্চের লোহার সিঁড়ির কাছে জড়ো করে রাখা ছিল। মঞ্চটির পুরো কাঠামোই ছিল লোহার ফ্রেম দিয়ে তৈরী। ধারণা করা হচ্ছে, ঐ খোলা তার থেকে পুরো মঞ্চটি বিদ্যুতায়িত হয়ে পড়ে। সংসদ সদস্য এ্যাড. সামছুল আলম দুদু পাশ্ববর্তী দুটি গ্রামে বিদ্যুত্ সংযোগ অনুষ্ঠান করে সোনাপাড়ায় এসে মঞ্চে না গিয়ে মসজিদে জুমার নামাজের জন্য যান। এ সময় ঐ মঞ্চের কাছে ৩/৪ জন শিশু লুকোচুরি খেলা খেলছিল। এর মধ্যে দুটি শিশু মঞ্চের নিচে লুকোতে গিয়ে বিদ্যুাতায়িত হয়। আরেক শিশু মঞ্চের নিচের কাপড় তুলে দুইজনকে বিদ্যুতায়িত অবস্থায় কাঁপুনি দেখতে পেয়ে চিত্কার দেয়। এ অবস্থায় অন্যান্য লোকজন এগিয়ে এসে প্রথমে বিদ্যুত্ লাইন বিচ্ছিন্ন করে। পরে দুই শিশুকে উদ্ধার করে স্থানীয় উপজেলা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাদের মৃত ঘোষণা করে।
ঐ দুই শিশু হলো সোনাপাড়া গ্রামের মাহমুদুল ইসলামের পুত্র চতুর্থ শ্রেণির ছাত্র মাহিন (১০) এবং একই গ্রামের আমিনুল ইসলামের পুত্র দ্বিতীয় শ্রেণির ছাত্র সোহাগ (৮)। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। ঘটনার পর থেকে ডেকোরেটরের মালিক নূর আমিন পলাতক রয়েছে।
এদিকে পল্লী বিদ্যুত্ সমিতির ডিজিএম শফিকুল আলম বলেন নাশকতা কিনা সে বিষয়টি আমরা তদন্ত করে দেখবো। পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল ইসলাম জানান পুরো ঘটনাটি তদন্ত করা হচ্ছে।