বগুড়ার সোনাতলা পৌরসভায় ভোটগ্রহণ চলছে

পৌরসভা ঘোষিত হওয়ার ১৫ বছর পর আজ রবিবার (৭ আগস্ট)  প্রথমবারের মতো বগুড়ার সোনাতলা পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়েছে। আর এই নির্বাচনকে কেন্দ্র করে পুরো পৌরসভাজুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে। সেইসঙ্গে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণের সব ধরনের ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন।
 
অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন করার লক্ষ্যে নির্বাচনী এলাকাজুড়ে বিপুল সংখ্যক আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। পৌরসভার মোট ৯টি কেন্দ্রে পুলিশের পাশাপাশি আনসার সদস্যরা দায়িত্ব পালন করছেন।
 
প্রথমবারের মতো অনুষ্ঠিত এই পৌরসভার  নির্বাচনে মেয়র পদে ৩ জন , সাধারণ কাউন্সিলর (পুরুষ) পদে ৪৮ জন ও সংরক্ষিত কাউন্সিলর (নারী) পদে ১২ জন প্রার্থী ভোটযুদ্ধে নেমেছেন।
 
পৌরসভার মোট ভোটার ১৭ হাজার ১৩৮ জন। ৯টি ওয়ার্ডের ৯টি কেন্দ্রের ৫১টি বুথে ভোটগ্রহণ চলছে।IMG0
 
২০০১ সালের ২৬ এপ্রিল সোনাতলা পৌরসভা ঘোষণা করা হয়। ১২ দশমিক ৩৭ বর্গকিলোমিটার আয়তন নিয়ে গঠিত তৃতীয় শ্রেণির এ পৌরসভায় মামলা সংক্রান্ত জটিলতার কারণে এতদিন নির্বাচন হয়নি। গত ২৭ জুন নির্বাচন কমিশন সোনাতলা পৌরসভায় ভোটগ্রহণের তফসিল ঘোষণা করে।
 
ইত্তেফাক/এমআই