গাজীপুরের কালিয়াকৈর থেকে অপহৃত ১৯ মাসের শিশু সাকিবকে রাজশাহী থেকে উদ্ধার করেছে র্যাব।
অপহরণের ২৫ ঘণ্টা মধ্যে সোমবার দুপুর দেড়টার দিকে জেলার পুঠিয়া উপজেলার বানেশ্বর এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। এ সময় শিশু অপহরণে জড়িত অভিযোগে এক নারীসহ দুইজনকে আটক করা হয়েছে।
র্যাব জানায়, শিশু সাকিব গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকার ঝুট ব্যবসায়ী মজিবর রহমানের ছেলে। আটকরা হলেন- মহানগরীর পশ্চিম বুধপাড়ার হারেছ আলীর ছেলে আমিনুল ইসলাম (২৮) ও তার ভাবি চারঘাট উপজেলার মিয়াপুর গ্রামের দুলু মহলদারের মেয়ে কেয়া খাতুন (১৮)।
বিকেল সাড়ে ৫টার দিকে র্যাব-৫-এর সদর দপ্তরে সংবাদ সম্মেলনে অধিনায়ক মাহবুবুল আলম জানান, কেয়া ও তার কথিত স্বামী সাইফুল ইসলাম ওরফে বুলবুল (২৪) গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় তিন মাস থেকে ভাড়া বাসায় বসবাস করতেন। এক মাস আগে সাকিবের পরিবার একই এলাকায় ভাড়া বাসায় ওঠেন। এ সময় থেকেই বুলবুল শিশু সাকিবকে অপহরণের ছক কষতে থাকে। পরে রবিবার দুপুরে বুলবুল শিশুটিকে ছাদে নিয়ে যাওয়ার কথা বলে তার মায়ের কাছ থেকে নিয়ে যান। এরপর সে শিশুটি ও স্ত্রীকে নিয়ে রাজশাহীতে পালিয়ে আসে।