ভারতে পরমাণু হামলার হুমকি হিজবুল মুজাহিদীনের

ভারতে পরমাণু হামলার হুমকি দিয়েছেন হিজবুল মুজাহিদিন তথা ইউনাইটেড জিহাদ কাউন্সিল প্রধান সৈয়দ সালাউদ্দিন। কাশ্মিরের ‘স্বাধীনতা সংগ্রাম’ চূড়ান্ত রূপ নিচ্ছে বলে সালাউদ্দিনের দাবি।নয়াদিল্লির উদ্দেশে হিজবুল প্রধানের হুমকি, খুব বড় বিপদের মুখে পড়তে চলেছে ভারত।

 

গত ৮ জুলাই কাশ্মিরে সেনা অভিযানে হিজবুল মুজাহিদিনের অন্যতম শীর্ষ কম্যান্ডার বুরহান ওয়ানির মৃত্যু হওয়ার পর উপত্যকা উত্তপ্ত হয়ে উঠেছিল। পাকিস্তানের মদতে হিজবুল, লস্করের মতো সংগঠনই অশান্তির আগুন বাড়িয়ে তুলছিল বলে ভারত বারবার অভিযোগ করেছে। বুরহানের মৃত্যুর এক মাস পর কাশ্মির উপত্যকার পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে।

 

সোমবার পাকিস্তানে এক অনুষ্ঠানে সৈয়দ সালাউদ্দিন বলেন, পাকিস্তান কাশ্মীরের স্বাধীনতা সংগ্রামকে সব রকমভাবে সহায়তা দিতে কর্তব্যের দিক থেকে, নীতিগতভাবে, রাজনৈতিকভাবে এবং সাংবিধানিকভাবে দায়বদ্ধ। এবং পাকিস্তান যদি কাশ্মিরকে সেই সমর্থন দেয়, তাহলে ভারত-পাকিস্তানের মধ্যে পরমাণু যুদ্ধ হওয়ার খুব বড় সম্ভাবনা রয়েছে।

 

এদিকে কাশ্মিরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি বলেছেন, ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্কের সেতু হতে পারে কাশ্মির। তিনি গতকার দিল্লির উদ্দেশে যাত্রা করেন। প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে তিনি দেখা করবেন বলে জানা গেছে।-এনডিটিভি ও আনন্দবাজার পত্রিকার।

 

ই্ত্তেফাক/এএসএস