আবদুল মালেক উকিল ডিগ্রি কলেজ জাতীয়করণের দাবিতে মানববন্ধন

আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক স্পিকার মরহুম আবদুল মালেক উকিলের নামে প্রতিষ্ঠিত নোয়াখালী সদর উপজেলার বাঁধেরহাটে আবদুল মালেক উকিল ডিগ্রি কলেজ জাতীয়করণের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে কলেজের শিক্ষক, শিক্ষার্থীরা। এ সময় এলাকার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী এবং স্থানীয় ব্যবসায়ীসহ কয়েক হাজার মানুষ এ মানববন্ধনে অংশ নেয়।
 
বৃহস্পতিবার কলেজের সামনের খলিফারহাট-ওদারহাট সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন শেষে কলেজের অধ্যক্ষ এনামুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট শিহাব উদ্দিন শাহীন, সদস্য আনম আবদুজ জাহের চেয়ারম্যান, সাবেক ইউপি চেয়ারম্যান জাকিউল ইসলাম দুলাল, দাদপুর ইউপি চেয়ারম্যান দেলওয়ার হোসেন, নোয়ান্নই হাই স্কুলের প্রধান শিক্ষক আবুল কাশেম, স্থানীয় মাদরাসার শিক্ষক মাওলানা মেজবাহ উদ্দিন, কলেজের সাবেক ছাত্র জাকের হোসেন বাবর ও মাহবুবুর রহমান সোহাগ প্রমুখ।
 
বক্তারা আওয়ামী লীগের সাবেক সভাপতি আবদুল মালেক উকিল প্রতিষ্ঠিত এ কলেজকে জাতীয়করণের দাবি জানিয়ে বলেন, প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন সরকার ক্ষমতায় এলেও সরকারি সকল সহায়তা থেকে বঞ্চিত ছিল কলেজটি। বর্তমানে আওয়ামী লীগের দলীয় সরকার ক্ষমতায় রয়েছে। অথচ আবদুল মালেক উকিলের নামের কলেজটি এখনও জাতীয়করণ করার কোনো পদক্ষেপ সরকার থেকে নেয়া হয়নি। এ কলেজকে জাতীয়করণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি তারা আহ্বান জানান।
 
কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি জানান, আবদুল মালেক উকিল নিজ উদ্যোগে ১৯৭৫ সালে কলেজটি প্রতিষ্ঠা করেন। বর্তমানে এ কলেজে প্রায় দুই হাজার শিক্ষার্থী রয়েছে। এখানে তিনটি বিষয়ে অনার্স কোর্সও চালু রয়েছে। অথচ এ কলেজের চেয়ে অপেক্ষাকৃত নতুন কলেজকেও জাতীয়করণের অন্তর্ভুক্ত করা হয়েছে। শিক্ষাকে সহজলভ্য করার উদ্দেশ্যে সম্প্রতি সরকার দেশের বিভিন্ন উপজেলায় নতুন করে ১৯৯টি কলেজকে জাতীয়করণের তালিকাভুক্ত করেছে। কিন্তু নোয়াখালী সদর উপজেলার একটি কলেজকেও জাতীয়করণের তালিকাভুক্ত করা হয়নি।