জার্মানিতে কঠোর সন্ত্রাসবিরোধী আইনের প্রস্তাব

জার্মানির কোনো নাগরিক দেশের বাইরে জঙ্গিদের হয়ে যুদ্ধ করলে নাগরিকত্ব হারাবে। দেশটির নতুন সন্ত্রাসবিরোধী আইনে এই প্রস্তাব করা হয়েছে।
 
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী টমাস ডে মেইজিরে ঘোষণা করেছেন, বিদেশি অপরাধীদের প্রত্যর্পণের প্রক্রিয়াতেও গতি বৃদ্ধি করা হবে। এছাড়া পুলিশের অতিরিক্ত সদস্য নিয়োগ, অস্ত্রশস্ত্র ও নজরদারি বাড়ানোর কথাও বলা হয়েছে। তবে জনসম্মুখে বোরকার উপর নিষেধাজ্ঞা দেয়া হবে না বলে জানিয়েছেন তিনি। সম্প্রতি উর্জবার্গ ও আন্সবাখে শরণার্থী কর্তৃক জঙ্গি হামলার প্রেক্ষিতে নতুন এই আইনের প্রস্তাব করা হয়েছে। 
 
ডে মেইজিরে বলেন, আমি প্রস্তাব করেছি জার্মানির দ্বৈত নাগরিক যদি দেশের বাইরে জঙ্গি কর্মকাণ্ডে জড়িত থাকে তাহলে তিনি নাগরিকত্ব হারাবেন। জার্মান গণমাধ্যম জানিয়েছে, মধ্য বামপন্থি জোট সোশ্যাল ডেমোক্র্যাটস দ্বৈত নাগরিকত্বের উপর সাধারণ নিষেধাজ্ঞার বিরোধিতা করেছে। গ্রিন পার্টিও এই ধারণার বিরোধী। জার্মানিতে আগামী বছর সাধারণ নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা ইস্যুটি রাজনৈতিক বিষয়ে পরিণত হয়েছে। বিবিসি। 
 
ইত্তেফাক/এসএসএ