ফরিদপুরের সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের কাগদী এলাকায় অবস্থিত একটি সরকারি বাঁওড় দখল করে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করছেন স্থানীয় একটি প্রভাবশালী চক্র। গত তিন মাস ধরে অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের ফলে বাঁওড়ের ব্যাপক ক্ষতি হওয়ার পরও চক্রটি বালু উত্তোলন ও বিক্রি চালিয়ে যাচ্ছে।
জানা গেছে, স্থানীয় প্রভাবশালী এক ব্যক্তির ছত্রছায়া কাগদী গ্রামের এক লোক দীর্ঘদিন ধরে সরকারি এ বাঁওড় থেকে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে লাখ লাখ টাকায় বিক্রি করে আসছেন। বিষয়টি একাধিকবার মাঝারদিয়া ও সোনাপুর ইউনিয়ন ভূমি অফিসকে জানানো হলেও কোনো প্রতিকার পায়নি এলাকাবাসী। এ ব্যাপারে মাঝারদিয়া ইউনিয়ন ভূমি অফিসের তহশিলদারের সাথে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ মোবাশ্বের হাসান বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। তবে খোঁজ-খবর নিয়ে ব্যবস্থা নিচ্ছি।’
ইত্তেফাক/এ এন