সুন্দরবনের বনদস্যু জোনাব বাহিনীর সদস্য আনোয়ারুল সানা (৪৫) পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' নিহত হয়েছেন। শুক্রবার ভোরে খুলনার কয়রা উপজেলার সুন্দরবনের খড়খড়িয়া নদীর দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে।
পুলিশ ঘটনাস্থল থেকে ১টি দেশি বন্দুক, ৫টি বন্দুকের কার্তুজ এবং ২টি দা উদ্ধার করেছে।
নিহত আনোয়ারুল সানা কয়রা উপজেলার মহারাজপুর গ্রামের জিয়াদ আলী সানার ছেলে।
এর আগে বৃহস্পতিবার রাত ১০টার দিকে পুলিশ নিজ বাড়ির পাশ থেকে তাকে গ্রেফতার করে।
কয়রা থানার ওসি শমশের আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আনোয়ারুল সানা সুন্দরবনের ত্রাস বনদস্যু জোনাব বাহিনীর সদস্য ছিলেন। বৃহস্পতিবার রাতে গ্রেফতারের পর অস্ত্র উদ্ধারের জন্য তাকে নিয়ে সুন্দরবনের গহীনে অভিযান শুরু হয়।
শুক্রবার ভোর ৪টা ৩৫ মিনিটে বনের খড়খড়িয়া নদীর দক্ষিণ পাড়ে গেলে আনোয়ারুলের সহযোগীরা তাকে ছিনিয়ে নেয়ার জন্য পুলিশের ওপর গুলি বর্ষণ করে। এ সময় পুলিশও পাল্টা গুলি ছুড়লে পালাতে গিয়ে বনদস্যু আনোয়ারুল সানা গুলিবিদ্ধ হয়। আশংকাজনক অবস্থায় তাকে উদ্ধার করে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত আনোয়ারুল সানার বিরুদ্ধে ১টি হত্যা, ৬টি ডাকাতি, ২টি অস্ত্র এবং ডাকাতির প্রস্তুতির ঘটনায় ১টিসহ মোট ১০টি মামলা রয়েছে।
ইত্তেফাক/কেকে