সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবেলায় ঐক্যবদ্ধ থাকতে হবে: আনোয়ার হোসেন মঞ্জু

পরিবেশ ও বন মন্ত্রী এবং জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, বিশ্বব্যাপী আজ অমানবিক ঘটনা ঘটছে এবং প্রতিদিনই হিংসা ও সন্ত্রাসমূলক তত্পরতায় শত শত মানুষ মারা যাচ্ছে। যার প্রভাব একটু হলেও যে বাংলাদেশে পড়বে না তা ভাবা ঠিক নয়। তবে আমাদের প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনী এ ব্যাপারে অত্যন্ত সচেতন ও সতর্ক রয়েছে তথা যে কোনো কঠোর পদক্ষেপ গ্রহণে তারা দ্বিধা করবে না।
 
তিনি বলেন, ভাণ্ডারিয়াসহ আমাদের এলাকা যতই শান্তিপূর্ণ ও নিরুদ্বেগ থাকুক না কেন এ সুযোগে অন্য এলাকা থেকে অবাঞ্ছিত লোকজন যাতে ঢুকে পড়ে আশ্রয় গ্রহণ করতে না পারে তার প্রতি সকলকে সতর্ক থাকতে হবে।
 
তিনি গতকাল শনিবার দুপুরে ভাণ্ডারিয়া উপজেলা অডিটরিয়ামে উপজেলা আইন-শৃঙ্খলা এবং সন্ত্রাস ও জঙ্গিবাদ বিষয়ক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, জঙ্গি-সন্ত্রাস প্রেক্ষাপটে বর্তমান বিশ্বের অবস্থা যেমন ভালো নয়, তেমনি আমাদের দেশের অবস্থা যে সম্পূর্ণ আশঙ্কামুক্ত এ কথা বলা যাবে না। তাই এলাকায় অচেনা লোক দেখলে প্রশাসনকে খবর দিতে হবে, নিজেরাও সজাগ থাকতে হবে। সাথে সাথে স্কুল-কলেজের শিক্ষার্থীদের দিকেও নজর দেওয়ার আহ্বান জানিয়ে আনোয়ার হোসেন বলেন, আমরা ৩২ বছর ধরে এ অঞ্চলে ঐক্যের রাজনীতির কথা বলে এসেছি। আমরা বলেছি কাজ করতে হলে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং যার সুফল হিসেবে কাজের ক্ষেত্রে আমাদের সাফল্য অনেক বেশি হওয়ায় অন্য এলাকার মানুষের কাছে আমাদের ভাবমূর্তি অনেক উজ্জ্বল ও মর্যাদাপূর্ণ। তাই ভাণ্ডারিয়ার মানুষকে দেশের অন্যান্য এলাকার সবাই বিশেষ সমীহের চোখে দেখেন এবং কদর করেন। এই ধারা বজায় রাখতে হলে কাইজ্যা করা বন্ধ করতে হবে। ধর্মীয়ভাবে নিষিদ্ধ এ ঝগড়া-বিবাদ বাদ না দিলে এলাকার কাজ ব্যাপকভাবে বাধাগ্রস্ত হবে। তিনি বলেন, স্থানীয়ভাবে যে ঝগড়া-বিবাদ ঘটে তার প্রধান কারণ জমিজমাজনিত ঘটনাবলি। তাই আমাদের এসব বদভ্যাস ত্যাগ করতে হবে।
 
পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন বলেন, আজকে দেশে যে সন্ত্রাস ও জঙ্গিবাদের ঝোঁক লক্ষ্য করা যায়, তার পিছনে প্রধান কারণ শিক্ষিত-অশিক্ষিত যুব সমাজের বেকারত্ব। আমাদের তাই কর্মসংস্থান সৃষ্টি ও প্রসার ঘটিয়ে যুব সমাজকে জনসম্পদে পরিণত করতে হবে। এ ক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার অঙ্গীকারকে আগামী ২০২১ সালের মধ্যে সফল করে দেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করার কাজকে সবাই মিলে এগিয়ে নিতে হবে। ইতোমধ্যে ই-টেন্ডার চালু করে উন্নয়ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি তথা স্বচ্ছতা আনা সম্ভব হয়েছে।
 
তিনি বলেন, আমরা ভাণ্ডারিয়া মজিদা বেগম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে আজ শেখ রাসেল ডিজিটাল ল্যাবের উদ্বোধন করেছি। সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে এ ডিজিটাল ল্যাব স্থাপন করা হয়েছে। এ ল্যাবে বসেই আমরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাঁচটি প্রকল্পের উদ্বোধন কার্যক্রম প্রত্যক্ষ করেছি। দেশের অর্থনীতির চাকাকে সচল রাখতে প্রধানমন্ত্রীর নেতৃত্বে যখন রাষ্ট্র এগিয়ে চলছে তখন সন্ত্রাসী হামলা হচ্ছে। তাই আমরা ঐক্যবদ্ধভাবে এ অপচেষ্টা মোকাবিলা এবং সকলকে সচেতন করে দেশ থেকে জঙ্গি উত্খাত করতে হবে। তিনি বলেন, সাম্প্রতিক সময়ে জঙ্গিবাদের উত্থান বড় সমস্যা। পারলৌকিক চিন্তার ভিতরে তরুণ প্রজন্মের একটি অংশ ধর্মীয় বিভাজনের আশঙ্কাজনক মাত্রায় পৌঁছে গেছে। নিজেকে এবং দেশ ও সমাজকে নিয়ে চিন্তা করতে গিয়ে ভিন্ন ধর্মাবলম্বীদের হত্যা করার মাধ্যমে তরুণদের পরলোকের শান্তির ভাবনা মোটেই কাম্য নয়। ইসলাম শান্তির ধর্ম, শান্তির নামে সন্ত্রাস-জঙ্গিবাদকে যারা চর্চা করে তাদের সঠিকপথে ফিরিয়ে আনতে হবে।
 
ভাণ্ডারিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল কুদ্দুসের সভাপতিত্বে এ সভায় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, শিক্ষক, মসজিদের ইমাম, সাংবাদিকসহ বিভিন্ন স্তরের মানুষ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার আবু আশ্রাফ, ভাণ্ডারিয়া উপজেলার চেয়ারম্যান আতিকুল ইসলাম তালুকদার উজ্জল, পরিবেশ ও বন মন্ত্রীর সহকারী একান্ত সচিব মহিউদ্দিন মহারাজ, জেপি উপজেলা আহ্বায়ক মনিরুল হক মনি জোমাদ্দার, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ফাইজুর রশীদ খসরু, উপজেলা ভাইস চেয়ারম্যান মিরাজুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান তালুকদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শাহদাত হোসেন, নদমুলা ইউপি চেয়ারম্যান শফিকুল কবির বাবুল তালুকদার, ধাওয়া ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান টুলু, গৌরীপুর ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
 
এরপর পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার  হোসেন ভান্ডারিয়া উপজেলার শ্রেষ্ঠ কলেজ, বিদ্যালয়, মাদ্রাসা ও প্রাথমিক বিদ্যালয় এবং শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষকদের হাতে সনদ তুলে দেন। পরে মত্স্য বিভাগের উদ্যোগে গরীব জেলেদের মাঝে জাল বিতরণ করেন। তিনি সকালে ভান্ডারিয়া মজিদা বেগম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে শেখ রাসেল ডিজিটাল ল্যাবের উদ্বোধন করেন। এ সময় সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধি ছাড়াও ভান্ডারিয়া মজিদা বেগম মহিলা মহাবিদ্যালয়ে অধ্যক্ষ মোশাররফ হোসেন মামুন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুকুজ্জামান, জেপি উপজেলা যু্গ্ম আহ্বায়ক গোলাম সরওয়ার জোমাদ্দার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জহিরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
 
কাউখালী সংবাদদাতা রবিউল হাসান রবিন জানান, মন্ত্রী বিকালে কাউখালী উপজেলা আইন শৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। উপজেলা পরিষদ সভাকক্ষে ভারপ্রাপ্ত ইউএনও আবুল কালাম তালুকদারের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে অংশ নেন উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবির, ভাইস চেয়ারম্যান কামরুজ্জামান মিঠু, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা ইয়াসমিন চৌধুরী পপি, কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন, কাউখালী ইউপি চেয়ারম্যান আমিনুর রশিদ মিল্টন, আমড়াজুড়ি ইউপি চেয়ারম্যান সামসুদ্দোহা চাঁদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট এম নূরুল হক, উপজেলা জেপি’র সভাপতি মাহবুবুর রহমান খান, সাধারণ সম্পাদক শাহ আলম নসু, আলীমুজ্জামান প্রমুখ। এ সভায় আরো উপস্থিত ছিলেন পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার আবু আশ্রাফ, সহকারী পুলিশ সুপার ওয়ারেচ হোসেন।
 
জেপির মতবিনিময় সভা
 
বিকালে কাউখালী উপজেলা জাতীয় পার্টি (জেপি) ও অঙ্গ সংগঠনের উদ্যোগে দলীয় কার্যালয়ে দলের চেয়ারম্যান এবং পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু  মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন। মাহাবুবুর রহমান খানের সভাপতিত্বে  এতে বক্তব্য রাখেন উপজেলা জেপির সাধারণ সম্পাদক শাহ আলম নসু, যুগ্ম সাধারণ সম্পাদক খান মোঃ বাচ্চু, ছাত্র সমাজের সাধারণ সম্পাদক জিয়াউল হাসান জুয়েল প্রমুখ।
 
এসময় শিয়ালকাঠি ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন সিকদার, জেপি’র সাবেক উপজেলা সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম তালুকদার, সমাজসেবী আব্দুল লতিফ খসরু, জেপি নেতা বজলুর রহমান নান্নু, যুব সংহতির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিল্টন, ছাত্র সমাজের সভাপতি মঞ্জুরুল মাহফুজ পায়েল, সাবেক সভাপতি নূরুজ্জামান মনু, শিয়ালকাঠি ইউনিয়ন জেপি সভাপতি হেমায়েত উদ্দিন তালুকদার, সয়না রঘুনাথপুর ইউনিয়ন জেপির সভাপতি আব্দুল কুদ্দুস খান, চিড়াপাড়ার  রেজা তালুকদার, আব্দুল ওয়াহাব হাওলাদার, মহিলা পার্টির সভানেত্রী সাহিদা জেসমিন, সাধারণ সম্পাদিকা  ইউপি সদস্য আকতারুন নাহার রেবা, জাতীয় মত্স্য পার্টির সভাপতি আব্দুল ওয়াদুদসহ সকল ইউনিয়ন ও ইউনিট কমিটির সভাপতি, সম্পাদক উপস্থিত ছিলেন।