সিরিয়ার আটমেহ সীমান্ত ক্রসিংয়ে বিদ্রোহী যোদ্ধাদের বহনকারী একটি বাসে আত্মঘাতী বোমা হামলায় অন্ততপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। রবিবার রাতে ওই তুর্কি সীমান্ত ক্রসিংটিতে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। এতে আরো ২৫ জন আহত হয়েছেন, এদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
বাসটি সিরিয়ার বিদ্রোহী যোদ্ধাদের বহন করছিল বলে জানিয়েছে অবজারভেটরি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ছবিতে চিকিৎসাকর্মীরা আহতদের চিকিৎসা দিচ্ছেন ও বিস্ফোরণে পুড়ে যাওয়া একটি বাসের অবশিষ্টাংশ দেখা গেছে। তবে ছবিগুলোর সত্যাসত্য তাৎক্ষণিকভাবে যাচাই করা সম্ভব হয়নি। সিএনএন তুর্কি টেলিভিশনের খবরে স্থানীয় সূত্রের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, তুর্কি সীমান্ত ক্রসিংয়ের কাছে আটমেহ শরণার্থী শিবিরের প্রবেশ পথে বিস্ফোরণের ঘটনাটি ঘটে।
আটমেহ শরণার্থী শিবিরটির অবস্থান সিরিয়ার ইদলিব প্রদেশে। এই প্রদেশটি সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের শাসনের বিরুদ্ধে লড়াই করা তুর্কি-সমর্থিত বিদ্রোহীদের প্রধান ঘাঁটি।