দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক জিউন হাই উত্তর কোরিয়াকে তাদের পারমাণবিক অস্ত্র কর্মসূচি পরিত্যাগের আহবান জানিয়েছেন। একই সঙ্গে পিয়ংইয়ংয়ের ‘উস্কানির’ মুখে যুক্তরাষ্ট্র যে ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থা মোতায়েন করেছে তার পক্ষে সাফাই দিয়েছেন তিনি।
গত জানুয়ারিতে উত্তর কোরিয়া তাদের চতুর্থ পারমাণবিক পরীক্ষা চালানোর পর থেকে বিভক্ত কোরীয় উপদ্বীপে উত্তেজনা বেড়েছে।
পার্ক বলেন, ‘আমি অবিলম্বে সব ধরনের উস্কানি এবং দক্ষিণ কোরিয়াকে লক্ষ্য করে হুমকি ও গণবিধ্বংসী অস্ত্র তৈরি বন্ধ করতে উত্তর কোরিয়ার সরকারের প্রতি আহবান জানাচ্ছি।’
দুই কোরিয়া যখন জাপানের উপনিবেশিক শাসন থেকে স্বাধীনতার বার্ষিকী উদযাপন করছে তখন পার্ক উত্তর কোরিয়ার প্রতি এ আহবান জানালেন পার্ক। ১৯৪৫ সালে কোরীয় উপদ্বীপ স্বাধীনতা লাভ করে।
বিভক্ত কোরীয় উপদ্বীপের একত্রীকরণের সঙ্গে ‘সত্যিকারের স্বাধীনতা’ যুক্ত উল্লেখ করে পার্ক বলেন, পারমাণবিক অস্ত্র, ক্ষেপণাস্ত্র ও যুদ্ধের ভয় না থাকলেই এটা কেবল সম্ভব। -এএফপি
ইত্তেফাক/এমএএস